মানিকগঞ্জে এসিড নিক্ষেপের ঘটনায় যুবক গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ায় তালাকের নোটিস পাঠানোয় এক তরুণীকে এসিড নিক্ষেপের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে মানিকগঞ্জ সদর থানার সাকরাইল বাজার এলাকা থেকে নাঈম মল্লিক নামের ৩০ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে বুধবার র্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, আড়াই বছর আগে নাঈমের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর তিনি বুঝতে পারেন, নাঈম বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত। তাকে সৎ পথে ফেরাতে ব্যর্থ হয়ে গত ১০ সেপ্টেম্বর তালাকের নোটিস পাঠান ২৫ বছর বয়সী ওই তরুণী।
এতে ক্ষিপ্ত হয়ে নাঈম তাকে বিভিন্ন হুমকি দিতে থাকেন। পরে গত শনিবার রাতে ঘরের জানালা দিয়ে এসিড ছুড়ে মারেন। তাতে ওই তরুণীর মুখ ও শরীরের বিভিন্ন অংশ, তার ছোট বোন ও মায়ের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
ওই তরুণীকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়। তিনি এখন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
জিজ্ঞাসাবাদে নাঈম র্যাবের কাছে এসিড ছোড়ার কথা ‘স্বীকার করেছেন’ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
