গওহর রিজভীর সঙ্গে আর্ল মিলারের বিদায়ী সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার।
আর্ল মিলার বুধবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে সেখানে গওহর রিজভীর সঙ্গে তারা প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, বাংলাদেশে প্রায় ৩ বছর ২ মাস অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আর্ল মিলার।
গওহর রিজভী ব্যবসা-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক থাকার কথা উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত দুই দেশের চমৎকার সম্পর্ক ভবিষ্যতে আরও উঁচুমানে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।
তিনি জানান, কয়েক মাসের মধ্যে ওয়াশিংটন থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসবে।
রাষ্ট্রদূত মিলারের সঙ্গে ছিলেন ঢাকায় আমেরিকা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেইভ ও রাজনৈতিক শাখা প্রধান আর্তুরো হাইনস।
