১৬৭০ কিমি সাইকেল চালিয়ে দেশের চার তরুণের গিনেস রেকর্ড
ঢাকার পূর্বাচলে ৪৮ ঘণ্টা ধরে এক হাজার ৬৭০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন চার তরুণ; তাতে নাম উঠেছে গিনেস বুক অব রেকর্ডসে।
গেল ৮ থেকে ১০ ডিসেম্বর ৪৮ ঘণ্টা রিলে করে বাংলাদেশ সাইক্লিস্টের (বিডিসি) এ চার তরুণ।
তারা হলেন- দ্রাবিড় আলম, তানভির আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন ও রাকিবুল ইসলাম।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘ডাবর হানি প্রেজেন্টস #১৬০০কিমি বাই টিম বিডিসি পাওয়ার্ড বাই ডাবর গ্লুকোজ ডি’ নামে এ রেকর্ড গড়ার চেষ্টায় নেমেছিল টিম বিডিসি বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
গত শুক্রবার রাতে গিনেস কর্তৃপক্ষ রেসের ফুটেজ ও আলামত পরীক্ষা-নিরীক্ষা করে রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছে বলে ডাবর হানির বিজ্ঞপ্তিতে জানান হয়।
“টিম বিডিসির চার তরুণ শীত উপেক্ষা করে এ রেকর্ড বাংলাদেশের করে নেয়। গত ৮ ডিসেম্বর রাত ৮টা থেকে ১০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত ঢাকার পূর্বাচলের জয়নুল আবেদিন চত্বরের ১ দশমিক ৭ কিলোমিটার রাস্তায় ১০০৩ চক্কর দেন এ চার সাইক্লিস্ট। রাইডে তাদের সঙ্গ দেন পেসাররা। গড়ে প্রায় ৩৫ কিলোমিটার গতিতে সাইকেল চালান পেসার ও মূল রাইডাররা।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেকর্ড গড়তে প্রয়োজন ছিল ১ হাজার ৫০০ কিলোমিটার পাড়ি দেওয়ার, সেখানে চার তরুণ চালিয়েছেন ১ হাজার ৬৭০ কিলোমিটার। আয়োজনটিতে সহযোগিতা করেন টিম বিডিসির ৫৪ পেসার এবং শতাধিক স্বেচ্ছাসেবী।
