২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন

বাংলাদেশের নতুন প্রধান বিচারপতির দায়িত্ব পাওয়া হাসান ফয়েজ সিদ্দিকী শপথ নিচ্ছেন বিকেলে; রাষ্ট্রপ্রধানের দপ্তর বঙ্গভবনে এরইমধ্যে নেওয়া হয়েছে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি।

বঙ্গভবন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2021, 12:41 PM

Updated : 10 Oct 2022, 06:30 PM

শুক্রবার বিকাল ৪টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি হাসান ফয়েজ। নিয়ম অনুযায়ী পরে তিনি শপথনামায় সই করবেন।

বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠান হবে বলে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীর নাম ঘোষণা করা হয় সরকারের তরফ থেকে। দেশের বিচারাঙ্গনের শীর্ষ এই পদে তিনি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

চার বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ নেওয়ার দিন থেকে ওই পদে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নিয়োগ কার্যকর হবে বলে আইন মন্ত্রণালয় জানিয়েছে।

বাংলাদেশের প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার সময় কী শপথ পড়বেন, তা লেখা আছে সংবিধানের তৃতীয় তফসিলে। তাকে বলতে হবে-

“আমি, …, প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব; আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব; আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করিব; এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন-অনুযায়ী যথাবিহিত আচরণ করিব।”

বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, মহামারীর কারণে এবার প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান হবে সীমিত পরিসরে। সর্বোচ্চ ৬০ জনের বসার ব্যবস্থা রাখা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। সাধারণত শপথ অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে নির্ধারিত পোশাকে দরবার হলে প্রবেশ করেন নতুন প্রধান বিচারপতি। তার পরপরই প্রধানমন্ত্রী সেখানে প্রবেশ করেন। সবশেষ রাষ্ট্রপতির প্রবেশের পর নিয়ম অনুযায়ী জাতীয় সংগীত বাজানো হয়।

এমনিতে সরকারের মন্ত্রী, আইনাঙ্গনের পদাধিকারী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পান। তবে এবার স্বাস্থ্যবিধির কড়াকড়িতে অতিথির সংখ্যা কম হবে।

সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাওয়ায় আপিল বিভাগে এখন রয়েছেন বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান। তাদের মধ্যে ইমান আলী জ্যেষ্ঠতম।

নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী  

হাসান ফয়েজ সিদ্দিকীর জন্ম ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর। তিনি ১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে আইন পেশায় যোগ দেন। ১৯৮৩ সালে হাই কোর্ট বিভাগে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।

২০০৯ সালে হাই কোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। ২০১৩ সালে আপিল বিভাগের বিচারক হন।

Image
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন। সেক্ষেত্রে হাসান ফয়েজ সিদ্দিকী দুই বছর প্রধান বিচারপতির আসনে অধিষ্ঠিত থাকছেন।

তিনি ২০১৫ সাল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বড় ভাই আবু বকর সিদ্দিকীও এক সময় আপিল বিভাগের বিচারক ছিলেন।