ধানমণ্ডিতে ১৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪
ঢাকার ধানমণ্ডি থেকে ১৯ হাজার ৬০০ ইয়াবাসহ চার মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তাররা হলেন: জহুরা বেগম (৩০), মেহেরুন নেছা মিম (২৪), মো. জালাল মৃধা (৩৫) এবং নাসির উদ্দিন (৩৮)।
অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের গুলশান ও মোহাম্মদপুর সার্কেলের একটি দল শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই চক্রটিকে গত সাত দিন ধরে তারা নজরদারিতে রেখেছিলেন। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছিল।
সর্বশেষ অধিদপ্তরের কাছে তথ্য আসে, জোহরা ও মিম কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে ঢাকায় আসছেন। সে অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের অনুসরণ করে ধানমণ্ডির একটি বাসায় গিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই চক্রটি টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।”
গ্রেপ্তারদের মধ্যে ব্যক্তিগত বা আত্মীয়তার কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে সহকারী পরিচালক বলেন, এখনও সেরকম কোনো তথ্য তারা পাননি।
এই চক্রের অন্য একজনকে ১৬ হাজার ইয়াবাসহ এক সপ্তাহ আগে গ্রেপ্তার করা হয়েছিল। চক্রের অন্যদেরও নজরদারিতে রাখা হয়েছে বলে জানান তিনি।
