২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ঢাকার মিরপুরের পরিত্যক্ত জায়গায় ‘শিশুবান্ধব গণপরিসর’

ঢাকার মিরপুরের জল্লাদখানার পাশের পরিত্যক্ত জায়গায় তৈরি ‘শিশুবান্ধব গণপরিসর’ উন্মুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 01:16 AM

Updated : 08 Apr 2022, 12:02 AM

রোববার ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম এই গণপরিসর উদ্বোধন করেন। এখানে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন উপকরণ, ব্যায়াম ও হাঁটার ব্যবস্থা, একটি উন্মুক্ত মঞ্চ, বসার স্থান এবং গণশৌচাগার রাখা হয়েছে।

মেয়র আতিক বলেন, “মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষেই মিরপুরের জল্লাদখানা সংলগ্ন স্থানটিকে নারী-শিশু, বয়স্ক, প্রতিবন্ধীসহ সকলের জন্য নিরাপদ, প্রবেশযোগ্য, সুস্থ্য ও মনোরম গণপরিসরে রূপান্তরিত করা হয়েছে।”

তিনি জানান, ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ডে কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়ক, ৫ নম্বর ওয়ার্ডের মিরপুর-১১ নম্বর সেকশনের ২১ নম্বর সড়কের একটি অংশ এবং ৩২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের ফুটপাতকে গণপরিসরে রূপান্তরিত করা হবে।

“অপরিকল্পিত ঢাকাকে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।”

স্থানীয় কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক ছাড়াও অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম উপস্থিত ছিলেন।