প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি দূতের বিদায়ী সাক্ষাৎ
নভেম্বরে ফ্রান্স সফরের ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামনের দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে তার আশা।
বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ ম্যাহা শুজ রোববার গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন প্রধানমন্ত্রী।
সাক্ষাতের বিষয়ে পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।
শেখ হাসিনাকে উদ্ধৃত করে তিনি বলেন, গত নভেম্বরে তার ফ্রান্স সফরের আলোচনা এবং ফলাফল নিয়ে তিনি সত্যিই খুব খুশি এবং আগামী দিনগুলোতে এই সম্পর্কের গতি বজায় থাকার বিষয়ে তিনি আশাবাদী।
গত নভেম্বরে প্যারিস সফরে আমন্ত্রণ জানানোর জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধন রয়েছে। ফ্রান্স সরকার ও জনগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন করেছিল।
ফরাসি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেন, তার সরকার কোভ্যাক্সের অধীনে ১২ লাখ কোভিড টিকা সরবরাহ করবে।
ফেব্রুয়ারিতে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব নিতে এবং এ মাসে এ অঞ্চলের দেশগুলির সঙ্গে ইন্দো-প্যাসিফিক শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বলে তিনি জানান।
ফরাসি রাষ্ট্রদূত বলেন, ‘ইন্দো-প্যাসিফিক সামিটে’ ফ্রান্স বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে। ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ ইশতেহার স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দু দেশের সম্পর্কের অনেক দিক এসেছে।
ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ফরাসি রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার ফলপ্রসূ কার্যকালের জন্য প্রশংসা করে দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে তার গতিশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এখান থেকে আফগানিস্তানে বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ায় বিদায়ী ফরাসি দূতকে তিনি অভিনন্দন জানান।
ঢাকায় দায়িত্বপালনকালে সরকারের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জ্যঁ ম্যাহা শুজ ।
গত বছর বাংলাদেশের প্রবৃদ্ধির প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, মহামারীর সময়েও প্রবৃদ্ধি খুবই তাৎপর্যপূর্ণ ছিল।
ফরাসি রাষ্ট্রদূত চট্টগ্রামে আলিয়ঁস ফ্রঁসেজ সম্প্রসারণ করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বৈঠকে উপস্থিত ছিলেন।
