২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সড়ক বিধবা’ শিউলি-মুক্তিদের কান্না, হুইলচেয়ার আঁকড়ে আব্বাসরা

চার ছেলে-মেয়ে ও স্বামীকে নিয়ে ঢাকায় নিয়ে ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতেন শিউলি বেগম। স্বামী মিজান কাজী ঢাকায় বাস চালাতেন। তাতে ভালোই চলছিল সংসার, শিউলির ভাষায় ‘সোনার সংসার’ ছিল তার। সাড়ে তিন বছর আগের কোনো এক ভোরে সড়ক তার স্বামীকে কেড়ে নিয়ে সেই সংসার তছনছ করে দিয়ে যায়। 

গোলাম মর্তুজা অন্তু গোলাম মর্তুজা অন্তু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2021, 10:11 PM

Updated : 10 Oct 2022, 06:27 PM

ঢাকা নগরে চলাচলকারী শিখর পরিবহনের বাসের চালক ছিলেন মিজান। কিন্তু ২০১৮ সালের ২৩ এপ্রিল তিনি অন্য বাসে চড়ে যাচ্ছিলেন মিরপুর। পল্টনে দুই বাসের সংঘর্ষের মধ্যে পড়ে তার মৃত্যু হয়। এরপর শিউলির জীবন কেবলই কষ্ট আর সংগ্রামের।

সড়ক দুর্ঘটনায় স্বামী হারানোর পর নিজের দুর্দশার কথা বলতে গিয়ে শিউলি কান্নায় ভেসেছেন। তার কান্না ছুঁয়ে গেছে হলভর্তি মানুষদের। শুধু শিউলিই নয় সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর পর কষ্টের কথা তুলে ধরতে গিয়ে অশ্রু ঝরিয়েছেন মুক্তি খাতুন, কিশোরী জান্নাতুল মাওয়া, লিনা বেগমসহ আরও কয়েকজন।

Image
১৫ বছর আগে বাবা হারানো জান্নাতুল মাওয়া

১৫ বছর আগে বাবা হারানো জান্নাতুল মাওয়া

আর সড়ক দুর্ঘটনায় পা হারানো আব্বাস উদ্দীন, মেরু মিয়ারা এসেছিলেন হুইল চেয়ারে বা লাঠিতে ভর দিয়ে; কষ্টে আছেন সবাই। দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও এখন বেঁচে থাকার জন্য লড়ে যেতে হচ্ছে প্রতিনিয়ত।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার সড়ক দুর্ঘটনায় হতাহত ৫০ পরিবারকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। তাই নিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এসেছিলেন তারা।

স্বামী হারানোর দিনের ঘটনার কথা তুলে ধরে শিউলি বলেন, “ভোর বেলায় বাইরে যাওয়ার আধঘণ্টার মধ্যেই ফোন পাইলাম; বাচ্চা-কাচ্চা নিয়া ঢাকা মেডিকেলে গেলাম। এরপর কেউ একটুও সাহায্য করেনি। তিনটা মেয়ে, ছোট ছেলেটা তখন দেড় বছরের।”

Image
পা হারানো আব্বাস উদ্দীন

পা হারানো আব্বাস উদ্দীন

মিজানের মৃত্যুর পর সরকার থেকে ’২০-৩০ হাজার টাকা’ পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “তার জীবনের দাম কী ওইটুকুই। আমার বাচ্চাগুলান বাপ হারাইছে, আমার সোনার সংসার ধ্বংস হয়া গেছে। আমার থাকার মতো একটা ঘর নাই, শ্বশুর বাড়িতে কোনো জায়গা নাই। কেউ আমার কোনো খবর নেয় না।

“একটা মানুষের স্বামী না থাকলে, বাবা না থাকলে যে কী হয়! আমার বাচ্চাগুলার লেখাপড়া সব নষ্ট হইয়া গেল। আমার ছেলেটা ছোট, ঘরে কোনো জিনিস না থাকলেই সে বলে, ‘আব্বুরে ফোন দাও, আব্বু আইনা দিব’। কোনো বাচ্চাকে বাবার কোলে বা কাঁধে দেখলেই আমার ছেলেটা বলে, ‘আব্বুরে ফোন দাও, আমিও কান্ধে উঠব।”

বাবার বাড়িতে আশ্রয় নিয়ে থাকা উপার্জনহীন এই নারী বলেন, “কতো অত্যাচার সহ্য করি। আমার শরীরে বিধবার গন্ধ, আমার বাচ্চাদের বাবা নাই। তারা এতিম, এগুলা কে করল আপনারা বলতে পারবেন?

বাস মালিকদের সমিতি বা পরিবহন শ্রমিকদের সমিতি- কোনো দিক থেকে কেউ তার কোনো খবর নেয়নি বলে ক্ষোভপ্রকাশ করে শিউলি বলেন, “আমার স্বামী ইনকাম ট্যাক্স দিছে, কতো চাঁদা দিছে!”

Image
ঝিনাইদহের মুক্তি খাতুন। চলতি বছর সেতু ভেঙে নীচে পড়ে মারা যান মুক্তির ট্রাকচালক স্বামী।

ঝিনাইদহের মুক্তি খাতুন। চলতি বছর সেতু ভেঙে নীচে পড়ে মারা যান মুক্তির ট্রাকচালক স্বামী।

চলতি বছর ১৩ ফেব্রুয়ারি ঝিনাইদহের ট্রাকচালক আহাদ আলী গাড়ি নিয়ে বেরিয়েছিলেন দিনাজপুরের উদ্দেশ্যে। পরদিন ভোরবেলাতেই আহাদের স্ত্রী মুক্তি খাতুনের ফোনে খবর আসে, সেতু ভেঙে ট্রাকসহ নীচে পড়ে প্রাণ হারিয়েছেন তার স্বামী।

এরপর স্বজনেরা গিয়ে লাশ নিয়ে এসে দাফন করেন। তখন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হলেও কিছুই পাননি তিনি। নিজের দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্কুল পড়ুয়া দুই ছেলে-মেয়েকে নিয়ে অকুল পাথারে পড়া মুক্তি।

কান্নার গল্পগুলো শেষই হচ্ছিল না। কিশোরী জান্নাতুলের মা মারা যায় ৩ বছর বয়সে। এর তিন বছর পরেই সড়ক দুর্ঘটনায় নিহত হয় তার ট্রাকচালক বাবাও। এরপর গত ১৫ বছর ধরে আত্মীয় স্বজনদের কাছেই বড় হয়েছেন তিনি।

জান্নাতুল বলেন, দুর্ঘটনায় যারা মারা যান, তাদের পরিবারগুলোর যে কী কষ্ট তা কেবল ভুক্তভোগীরাই বোঝেন। উপার্জনকারী সদস্যের অকাল মৃত্যুর পর একেকটা পরিবার কষ্টের সাগরে ভাসতে থাকে।

Image
দুই বছরের সন্তান কোলে নোয়াখালী থেকে আসা লিনা বেগম। লিনার স্বামী ও দেবর একই দুর্ঘটনায় নিহত হন।

দুই বছরের সন্তান কোলে নোয়াখালী থেকে আসা লিনা বেগম। লিনার স্বামী ও দেবর একই দুর্ঘটনায় নিহত হন।

দুই বছরের ছেলে কোলে অনুষ্ঠানে এসেছিলেন নোয়াখালীর লিনা বেগম। লিনা যখন সাতমাসের অন্তঃসত্ত্বা তখন এক সড়ক দুর্ঘটনায় মারা যান তার স্বামী কাভার্ড ভ্যানচালক রহিমুল্লাহ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই দুর্ঘটনায় রহিমুল্লাহর ছোট ভাই তারেক আজিজও প্রাণ হারান। কাভার্ড ভ্যানের চালক ও হেলপার ছিলেন দুই ভাই।

বাবাকে না দেখা শিশুটির ভবিষ্যত নিয়ে চিন্তিত লিনা বলেন, “আমার তো সবই শ্যাষ। এখন শুধু আমার বাইচ্চাটাকে মানুষ করতে চাই।”

নছিমন চালক ইউসুফ মিয়ার স্ত্রী আছিয়া বেগমও দুই বাচ্চা নিয়ে এসেছিলেন সভায়। তিন বছর আগে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট এলাকার এক কারখানা থেকে আরেক কারখানায় সুতা পরিবহনের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন ইউসুফ। তার বড় সন্তানের বয়স পাঁচ আর ছোটটির বয়স সাড়ে তিনের মতো।

Image
বি ট্যাক্সি চালক জহুরুল ইসলাম ২৫ বছর ধরে অবশ হয়ে যাওয়া পা নিয়েই চলেফিরে বেড়াচ্ছেন।

বি ট্যাক্সি চালক জহুরুল ইসলাম ২৫ বছর ধরে অবশ হয়ে যাওয়া পা নিয়েই চলেফিরে বেড়াচ্ছেন।

হুইলচেয়ার, ক্রাচ হাতে আব্বাসরা

চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অটোরিকশা চালাতেন আব্বাস উদ্দীন। সাত বছর আগে এক দুর্ঘটনায় দুই পা-ই হারান তিনি। সেই থেকে বদল গেছে জীবনের গতি। অটোরিকশার ছেড়ে হুইল চেয়ার আঁকড়ে ধরতে হয়েছে আব্বাসকে। তার জীবনে এখন খালি কষ্টেরই গল্প।

ঢাকার অটোরিকশা চালক নজরুল ইসলাম ২০১২ সালে যাত্রাবাড়ী এলাকায় দুর্ঘটনায় পড়েন। কোমর (হিপ জয়েন্ট) ভেঙে যায় তার। সেই থেকে ক্রাচ ছাড়া হাঁটতে পারেন না। যখন-তখন ব্যথা হয় প্রচণ্ড।

নজরুল বলেন, দুর্ঘটনার পর ঋণ করে চিকিৎসা করিয়েছেন। কিন্তু সুস্থ হননি। এখন বাধ্য হয়ে আবারও অটোরিকশা চালানো ধরেছেন। অর্থাভাবে নিয়মিত চিকিৎসা করাও হয়ে ওঠে না।

Image
পাশাপাশি বসে নজরুল ও জহুরুল

পাশাপাশি বসে নজরুল ও জহুরুল

কাজের খোঁজে নয় বছর আগে ঢাকায় এসেছিলেন গাইবান্ধার ছেলে মেরু মিয়া। রাস্তা পার হতে গিয়ে পড়েন গাড়ির তলে। দীর্ঘ চিকিৎসায় বাম পা কেটে ফেলতে হয়। তখন মেরুর বয়স মোটে ১৫ বছর। ধার-দেনা করে চিকিৎসা করিয়েছেন বাবা। কিছুদিন পরে বাবা মারা গেলে মেরু মিয়াকে আবারও নামতে হয় জীবিকার খোঁজে।

তবে পা হারালেও মনোবল হারাননি মেরু; কারও কাছে হাত পাতেননি। তার একটা ক্রাচ নেই। শক্ত হাতে লাঠি আঁকড়ে ধরে হাঁটতে পারেন। এখন একটি রিকশার গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করছেন।

মেরু মিয়া বলেন, “ওই যে কয় না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কী যে পাপ করছিলাম ভাই! যখন পা কাটলো, তখন মনে হয় মরে যাওয়া এর চাইতে ভালা আছিল, কী যে কষ্ট! যার এরকম হয় নাই সে কুনোদিন বুঝবে না।”

এখন মহানগরে অচল হলুদ বেবি ট্যাক্সি চালাতেন জহুরুল ইসলাম। ২৫ বছর আগে ট্যাক্সি উল্টে তার শরীরের নীচের অংশ অবশ হয়ে, পা দুটি শুকিয়ে যায়। সেই থেকে অন্য রকম এক সংগ্রামে রত জহুরুল।

দুর্ঘটনার পর নিজের দৈনন্দিন কাজকর্মই করতে পারতেন না। সেই জহুরুল এখন ইলেকট্রিক অটোরিকশা চালিয়ে সংসার চালান। তার ছেলে-মেয়েরাও সবাই বড় হয়ে গেছে, রোজগার করে।

Image
কিশোর বয়সে পা হারালেও মনোবল হারাননি মেরু মিয়া। এই লাঠি আঁকড়েই জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

কিশোর বয়সে পা হারালেও মনোবল হারাননি মেরু মিয়া। এই লাঠি আঁকড়েই জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

সড়ক দুর্ঘটনায় নিহত মানুষগুলোর স্বজনদের কান্নামাখা বক্তব্য কিংবা পঙ্গু হওয়া মানুষগুলোর সংগ্রামের গল্প ছুঁয়ে যায় হল ভরা মানুষকে।  

পরে অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাবেক চেয়ারম্যান ও নিসচার উপদেষ্টা আইয়বুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় যতো লোক মারা যান, আহত হন তার চেয়ে কয়েকগুণ মানুষ।

“আর নিহত ব্যক্তিদের পরিবারগুলোর চেয়ে আহত হয়ে পঙ্গু লোকদের বেদনার গল্পগুলো কম মর্মান্তিক নয়।”

নিসচা সভাপতি ইলিয়াস কাঞ্চন তার সংগঠনের ১২০টি শাখার মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। এসব মানুষদের অনেকেই নিসচার স্থানীয় কর্মী হিসেবেও কাজ করছেন।