তরুণ উদ্যোক্তা তৈরিতে ঢাবি-কোইকার ৭৫ লাখ ডলারের প্রকল্প
তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়াতে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে ৭৫ লাখ ডলারের প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শনিবার দুপুরে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ টু প্রমোট ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশীপ’ পরীক্ষামূলক প্রকল্পের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ সেন্টার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও কোইকার যৌথ উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়িত হবে।
প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়ানো হবে। উদ্যোক্তা উন্নয়নে অবকাঠামোগত সহায়তা, আন্তর্জাতিক আঙ্গিকে পাঠ্যক্রম তৈরি, বাংলাদেশের অন্ট্রাপ্রেনারশিপ ইকোসিস্টেমের সঙ্গে জড়িত সব অংশীদারের মধ্যকার সংযোগকে শক্তিশালী করা ও গবেষণার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের কাজ হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, “বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে। বাংলাদেশের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষিণ কোরিয়া সাহায্য-সহযোগিতা প্রদান করে আসছে। ভবিষ্যতেও দু-দেশের পারস্পারিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কিউন বলেন, “এই প্রকল্প হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কোরিয়া মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক অনন্য প্রতীক। এই প্রকল্পের মাধ্যমে দুদেশের দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে।
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উদ্যোক্তা ও উদ্ভাবনে দক্ষতা অর্জন করে দেশ-বিদেশে নেতৃত্বদানে সক্ষম হবে।”
অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনোভেশন ও অন্ট্রাপ্রেনারশিপ বিষয়ে দক্ষ ও সক্ষম হয়ে গড়ে উঠবে। এ প্রকল্পের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, ঢাকা বিশ্বদ্যিালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের সেখানে ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোইকার কান্ট্রি ডিরেক্টর ডো-ইয়ংআ, প্রজেক্ট ম্যানেজার ডেরিক কিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ, বিশ্ববিধ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ সেন্টারের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক ও নির্বাহী পরিচালক রাশেদুর রহমান বক্তব্য দেন।
