অতিরিক্ত ভাড়া: ঢাকা ও চট্টগ্রামে ৩২২টি বাসকে জরিমানা
সরকার নির্ধারিত নতুন ভাড়ার তালিকার চেয়েও বেশি আদায় করায় ঢাকা ও চট্টগ্রামে এক দিনে ৩২২টি বাসকে জরিমানা করেছে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত।
বিআরটিএ-এ'র পরিচালক মো. সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের দশজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমবার দুই মহানগরে অভিযান চালিয়ে এসব বাসকে জরিমানা করেন।
“যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে ৩ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয় এসব বাস ও মিনিবাসকে।”
এছাড়া বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানোয় দুইজন চালককে কারাদণ্ড দেওয়া হয়। একই অপরাধের পুনরাবৃত্তির কারণে একটি গাড়িকে পাঠানো হয় ডাম্পিং স্টেশনে।
সরওয়ার আলম বলেন, যেসব বাসকে জরিমানা করা হয়েছে, তার মধ্যে ২৪৮টি ডিজেলচালিত এবং ৭৪টি সিএনজি চালিত।
ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোয় পরিবহন ধর্মঘট ডেকে তিন দিন বাস চালানো বন্ধ রাখেন মালিকরা। পরে সরকার দূরপাল্লার বাসে ২৭ শতাংশ এবং ঢাকায় ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়ালে গত ৮ নভেম্বর নতুন ভাড়ায় বাস চলাচল শুরু হয়।
বিআরটিএ’র সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকের পর জানানো হয়েছিল, মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হচ্ছে।
মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫ পয়সা। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয় ওই বৈঠকে। পরে সে অনুযায়ী প্রজ্ঞাপনও জারি হয়।
তারপরও ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী বাসে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
এই প্রেক্ষাপটে গত পাঁচ দিন ধরে ঢাকা ও চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে বিআরটিএ।
