২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেশনের আগেই নেমে আরেক ট্রেনের ধাক্কায় জাবি কর্মকর্তার মৃত্যু

স্টেশনে পৌঁছানোর আগেই আউটার লাইনে দাঁড়ানো ট্রেন থেকে নেমে পড়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা, পাশের লাইন দিয়ে আসা আরেক ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2021, 11:06 AM

Updated : 07 Apr 2022, 11:51 PM

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার খিলগাঁওয়ে ডলি কমিশনারের গলির কাছে এ দুর্ঘটনা ঘটে কমলাপুর রেলওয়ে থানার এসআই সেকেন্দার আলী জানান।

নিহত আশরাফুল আলম (৪৫) ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক। ঢাকায় তার বাসা মিরপুরের শেওড়াপাড়া এলাকায়।

পরিবারের বরাত দিয়ে এসআই সেকেন্দার জানান, আশরাফুল আলমের গ্রামের বাড়ি জামালপুরে। সেখান থেকে এক খালাতো বোনকে সঙ্গে নিয়ে শনিবার রাতে তিনি তিস্তা এক্সপ্রেসে ঢাকায় ফিরছিলেন।  

১০ নভেম্বর জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে তার খালাতো বোনের ভর্তি পরীক্ষা। ওই বোনের বাসা খিলগাঁওয়ের খিদমা হাসপাতালের কাছে। বোনকে বাসায় পৌঁছে দিয়ে শেওড়াপাড়ায় নিজের বাসায় যাওয়ার কথা ছিল আশরাফুলের।

এসআই সেকেন্দার বলেন, খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনের গতি কমিয়ে আনা হয়। অন্য অনেকের মত আশরাফুলও তার খালাতো বোনকে নিয়ে ডলি কমিশনারের গলিতে নেমে পড়েন।

“আউটার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কমলাপুর থেকে আসা চট্টগ্রামমুখী মহানগর এক্সপ্রেসের ধাক্কায় উনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।”

তবে খালাতো বোন অক্ষত আছেন জানিয়ে এসআই সেকেন্দার বলেন, আশরাফুলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে নেওয়া হয়েছে।