এজেন্টদের সাথে প্রতারণা: সাবেক বিকাশ কর্মকর্তা গ্রেপ্তার
প্রতারণার মাধ্যমে এক এজেন্টের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার এক মামলায় মোবাইল ফোনের আর্থিক সেবা বিকাশের সাবেক এক আঞ্চলিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে মো. তানভীর সিরাজী (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান জানান।
তানভীর সর্বশেষ কিশোরগঞ্জ জেলায় বিকাশের আঞ্চলিক ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ‘শৃঙ্খলাজনিত কারণে’ গত সেপ্টেম্বর মাসে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম জানান।
বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান বুধবার ঢাকার সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, টাঙ্গাইলের সখীপুরের এক বিকাশ এজেন্ট চলতি বছরের ৯ মার্চ এ মামলা দায়ের করেন। বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে পিনকোড নিয়ে তার ৪ লাখ ৪৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয় সেখানে।
তদন্ত করতে গিয়ে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে, তাদের তিনজন আদালতে জবানবন্দি দেন। সেই তথ্যের ভিত্তিতেই তানভীরকে গ্রেপ্তার করা হয় বলে জানান সাইদুর রহমান।
তিনি বলেন, তানভীর সিরাজী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে মাস্টার্স করেছেন। ২০১২ সালে তিনি টেরিটরি ম্যানেজার হিসেবে বিকাশে যোগ দেন।
তদন্তে দেখা গেছে, “ঢাকা, নেত্রকোণা, গাজীপুর, কিশোরগঞ্জে দায়িত্ব পালনকালে তিনি টাকার বিনিময়ে বিকাশ এজেন্ট নম্বর প্রতারকদের সরবরাহ করতেন। প্রতারকরা সেসব নম্বরে ফোন করে বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের বিভিন্ন অফারের কথা বলে ওটিপি ও পাসওয়ার্ড নিয়ে টাকা হাতিয়ে নিত।”
বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, “তানভীর একজন বিকাশ কর্মকর্তা হয়ে প্রতারকদের এই কাজে টাকার বিনিময়ে তথ্য দেওয়ার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।”
