গৃহবধূকে ‘শ্বাসরোধে’ হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
ঝালকাঠিতে গৃহবধূ পারভীন আক্তারকে (২৫) ‘শ্বাসরোধ’ করে হত্যার অভিযোগে তার স্বামী তানজিল হাওলাদারকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত মঙ্গলবার রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ দম্পত্তির এক বছর আট মাস বয়সী একটি কন্যা সন্তান আছে।
বুধবার সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিভাগের বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর আসামীকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জানান, পারিবারিক কলহের জের ধরে তানজিল গত ১৩ অক্টোবার তার স্ত্রীকে ‘গলাটিপে হত্যার’ পর লাশ ডোবায় ফেলে পালিয়ে যায়।
"গত এক বছর ধরে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্বামী ও শাশুড়ির সঙ্গে বিরোধ চলছিল পারভীনের। তার স্বামী তানজিল ও শাশুড়ি সুলতানা বেগম প্রায়ই তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করতেন এবং বাড়ি থেকে বের করে দিতেন।"
এক পর্যায়ে গত ৯ অক্টোবর পারভীন শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে একমাত্র সন্তানকে নিয়ে ঢাকায় তার মায়ের কাছে চলে যান। কিছুদিন আগে পারভীন জানতে পারে, তার স্বামী তাকে তালাক দিয়েছেন। এ ঘটনার সত্যতা যাচাই করতে তিনি স্বামীর বাড়ির পাশের একটি বাড়িতে ওঠেন।
পুলিশ কর্মকর্তা মুক্তা ধর বলেন, "গত ১৩ অক্টোবর রাতে পারভীনের ফোনে তানজিল কল দিয়ে তাকে বাইরে আসতে বলেন। পরে বাড়ির পাশের খালি জায়গায় কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী তানজিল পারভীনকে গলা টিপে হত্যা করে লাশ ডোবায় ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।"
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তানজিল হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান তিনি।
