ধর্ষণ: মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩০ নভেম্বর, নুরের অব্যাহতি
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ৩০ নভেম্বর।
পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বুধবার এ আদেশ দেন।
সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরসহ এজাহারের পাঁচ আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনও মঞ্জুর করেন বিচারক।
লালবাগ থানার এ মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) আসলাম উদ্দিন মোল্লা গত ১৭ জুন কেবল হাসান আল মামুনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
আজাহারে নাম থাকা নুরুল হক নুর, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, সভাপতি নাজমুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকিকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয় সেখানে।
মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছিলেন হাসান আল মামুন। আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলী আকবর জানান, বুধবার আবারও মামুনের জামিন চাওয়া হয়েছিল। তবে বিচারক তাতে সাড়া দেননি।
মামুনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী খাদেমুল ইসলাম ও জোবায়ের আহমেদ।
ধর্ষণ ও তাতে সহযোগিতার অভিযোগে গতবছরের ২১ সেপ্টেম্বর লালবাগ থানায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, নাজমুল হাসান সোহাগ ও নুরুল হক নূরসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রী।
পরদিন ধর্ষণ ও সোশাল মিডিয়ায় ‘চরিত্র হননের’ অভিযোগে ওই ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা করেন তিনি।
মামলার পর গত ২৩ সেপ্টেম্বর আহ্বায়কের দায়িত্ব থেকে মামুনকে সাময়িক অব্যাহতি দিয়ে ঘটনা তদন্তে কমিটি গঠন করে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
পরে তদন্ত কমিটির প্রতিবেদনের সারমর্ম সাংবাদিকদের কাছে প্রকাশ করে ছাত্র অধিকার পরিষদ দাবি করে, বিবাদীদের বিরুদ্ধে ধর্ষণের ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেন, একই বিভাগে পড়া এবং ছাত্র অধিকার পরিষদের কাজে থাকার কারণে হাসান আল মামুনের সঙ্গে তার ‘প্রেমের সম্পর্ক’ গড়ে ওঠে।
এর সুযোগ নিয়ে মামুন চলতি বছরের ৩ জানুয়ারি তার লালবাগের বাসায় নিয়ে তাকে ‘ধর্ষণ’ করেন। পরে সোহাগও তাকে ‘ধর্ষণ করেন’ বলে অভিযোগ করা হয় কোতোয়ালি থানার মামলায়।
বাদীর অভিযোগ, ঘটনার প্রতিকার চেয়ে তিনি নূরসহ তাদের অপর সহকর্মীদের কাছে গেলে প্রথমে সহযোগিতার আশ্বাস দিলেও পরে ‘বাড়াবাড়ি করলে চরিত্রহননের’ ভয় দেখানো হয় তাকে।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাতেরও কেবল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) । নূরসহ বাকিদের অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
