জাতীয় চার নেতার স্মরণে ই-পোস্টার
জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে একটি ই-পোস্টার প্রকাশ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।
মঙ্গলবার জাতীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় প্রচারের জন্য ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে।
সেই আয়োজনের প্রস্তুতি দেখতে কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী এবং সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূরে নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার টুঙ্গিপাড়া সফর করে।
এ সময় তারা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাতে অংশ নেন।
পরে সমাধিসৌধের বিভিন্ন স্থান, সম্ভাব্য অনুষ্ঠানস্থল, শেখ রাসেল পার্ক, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ পরিদর্শন করেন তারা।
টুঙ্গিপাড়া বিজয় রেস্টহাউজ সভাকক্ষে কামাল নাসের চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতা, গোপালগঞ্জ জেলাপ্রশাসন, স্থানীয় সাংবাদিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে একটি মতবিনিময় সভা হয়। সেখানে অনুষ্ঠানের আয়োজন নিয়ে আলোচনা করেন তারা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকার বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
