২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় নৌকাডুবি: ছেলের পর নিখোঁজ মায়ের লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে নিখোঁজ শীতল আক্তারের (২৭) লাশ উদ্ধার করেছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2021, 11:14 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

এ নিয়ে নিখোঁজ চারজনেরই লাশ উদ্ধার করা হল। সোমবার এ দুর্ঘটনার পর শীতলের ছেলে শফিকুলের লাশ উদ্ধার করা হয়েছিল।

সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচরের কাছে ফ্যানঘাট এলাকায় মালবাহী নৌযানের ধাক্কায় নৌকাটি ডুবে গিয়েছিল।

দুর্ঘটনার পর শীতলের ছেলে শফিকুল (৭), তার বোন রেখা (২৯) ও রেখার মেয়ে সানজিদার (৮) লাশ উদ্ধার করা হয়েছিল।

নৌ পুলিশের পরিদর্শক আব্দুস সোবহান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে শীতলের মৃতদেহ দুর্ঘটনাস্থলের কাছ থেকেই উদ্ধার করা হয়।

বুড়িগঙ্গায় নৌকাডুবি, তিন লাশ উদ্ধার  

“রাতে তল্লাশি বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে আবার ফায়ার সার্ভিস তল্লাশি শুরু করে।“

দুর্ঘটনার বর্ণনা দিয়ে এই পুলিশ কমর্কর্তা বলেন, সোমবার সকাল পৌনে ১০টার দিকে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে একটি নৌকা ১০ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল।

“খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন উঠে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু নিখোঁজ থাকে।”

ফায়ার সার্ভিসের ডুবুরি দল এরপর নদীতে তল্লাশি শুরু করে। পরে একে একে নিখোঁজ সবার লাশ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার জন্য দায়ি মালবাহী নৌযানটি পুলিশ জব্দ করেছে জানিয়ে তিনি বলেন, ওই বাল্কহেডের মাস্টার, সুকানিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রেখার স্বামী সিরাজ বাদী হয়েছে ওই ছয়জন এবং অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ মডেল থানায় ২৮০ ও ৩০৪ (ক) ধারায় মামলা করেছেন।