২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকার আহবান পলকের

সাইবার জগতে নিরাপদ থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2021, 10:56 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

রোববার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বিসিসি মিলনায়তনে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদযাপন উপলক্ষে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “ফেইসবুকে দুর্বল ও মিথ্যা তথ্যগুলোর মাধ্যমে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। প্রাণহানি হয়েছে, সম্পদ বিনষ্ট করা হয়েছে।”

এ ধরনের পরিস্থিতি এড়াতে নিজেদের মূল্যবান, স্পর্শকাতর ও ব্যক্তিগত তথ্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। 

তিনি বলেন, “কোনো মহল যেন দেশের সুনাম ও মর্যাদা নষ্ট এবং বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।”

এজন্য আইসিটি বিভাগের অধীন ডিজিটাল লিটারেসি সেন্টার প্রতিষ্ঠা করে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে বলেও জানান তিনি।

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের চাহিদা মেটাতে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স ও স্নাতক ডিগ্রি চালু করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো গাইডলাইনস ও সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২১-২০২৫ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। 

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক খায়রুল আমীন, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির পরিচালক (অপারেশন) তারেক এম বরকতউল্লাহ।