প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাত ১১টা ১৩ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি চার্টার ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে তাকে মন্ত্রীপরিষদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ওয়শিংটন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
সেখানে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা তাকে বিদায় জানান।
মহামারীর মধ্যে ১৯ মাস পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি ইতালি সফরে গিয়েছিলেন।
দেশে ফেরার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে স্থানীয় সময় সকালে এসে পৌঁছায়। সেখানে প্রায় দুই ঘন্টার যাত্রা বিরতির পর তিনি আবার ঢাকার উদ্দেশে রওনা দেন।
গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি চার্টার ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দুই দিনের যাত্রাবিরতি শেষে ১৯ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক পৌঁছান।
করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশন বসেছিল ভার্চুয়ালি। এ বছর সশরীরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে মিলিত হন বিশ্ব নেতারা।
নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, মহামারীতে স্বাস্থ্যঝুঁকি থাকলেও বাংলাদেশের ‘মানুষের কথা চিন্তা করে’ তিনি জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন।
জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে মহামারী মোকাবেলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, খাদ্য নিরাপত্তার উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা।
নিউ ইয়র্কে পৌঁছানোর পরদিন সোমবার সেখানে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ অধিবেশনের উদ্বোধন হয়। এই অধিবেশনেই গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
সেদিন সকালে রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন বিষয়ক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন শেখ হাসিনা।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদরদপ্তরের বাগানে একটি ‘হানি লোকাস্ট’ গাছের চারা রোপণ করেন।
জাতিসংঘ সদরদপ্তরের উত্তরের লনের ইউএন গার্ডেনে সেই গাছটির পাশেই বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তার বাণী সম্বলিত একটি বেঞ্চও উন্মুক্ত করেন তিনি।
পরে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক’ শীর্ষক একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। সেখানে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের পথে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ পান তিনি।
অনুষ্ঠানের সঞ্চালক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তাকে ‘জুয়েল ইন দ্য ক্রাউন অব দ্য ডে’ হিসেবে বর্ণনা করেন।
পরদিন মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী। ওই দিন বিকেলে তিনি ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ দেন।
বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে ‘হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-১৯ সামিট: এনডিং দ্য প্যানডেমিক অ্যান্ড বিল্ডিং ব্যাক বেটার’ শীর্ষক সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন শেখ হাসিনা।
সম্মেলনে মহামারী মোকাবেলার লড়াইয়ে গতি আনতে কোভিড টিকার স্বত্ব কোনো দেশ বা কোম্পানির হাতে না রেখে বিশ্ববাসীর জন্য তা উন্মুক্ত করে দেওয়ার দাবি তোলেন।
সেদিন দুপুরে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে একটি উচ্চ পর্যায়ের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় বহুমুখী বিপদের জন্ম দিচ্ছে বলে হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী।
এসময় আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘কথামালার’ ঊর্ধ্বে উঠে সত্যিকারের গুরুত্ব দিয়ে এ সঙ্কটের সুরাহা করতে উদ্যোগী হওয়ারও তাগিদ দেন তিনি।
বৃহস্পতিবার জাতিসংঘের সুইডিশ মিশন আয়োজিত ‘জাতিসংঘের সাধারণ কর্মসূচি: সমতা ও অন্তর্ভুক্তি অর্জনের পদক্ষেপ’ শীর্ষক লিডারস নেটওয়ার্কের একটি অনুষ্ঠানে যোগ দেন।
জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে সেদিন ‘ফুড সিস্টেমস সামিট অ্যাজ পার্ট অব দ্য ডিকেড অব অ্যাকশন টু অ্যাচিভ দ্য সাসটেইবল ডেভেলপমেন্ট গোল বাই ২০৩০’ শীর্ষক অনুষ্ঠানে ভিডিও বক্তব্য দেন শেখ হাসিনা।
দুপুরে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট নিউয়েন হুয়ান ফুকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশপাশি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
শুক্রবার সকালে শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বক্তব্য দেওয়ার পর সন্ধ্যায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেন।
এরপর যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন ও তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সরকার প্রধান। এসময় যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানান।
জাতিসংঘ সাধারণ অধিবেশন এবং নিউ ইয়র্কে অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি সফর করেন প্রধানমন্ত্রী। ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
