২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানব পাচার: যুক্তরাষ্ট্রে বাংলাদেশির ৪৬ মাসের সাজা

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছে টেক্সাসের একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2021, 12:49 AM

Updated : 02 Aug 2022, 06:24 PM

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বুধবার তাদের ওয়েবসাইটে এই রায়ের খবর প্রকাশ করে। মোক্তার হোসেন নামে আরও এক বাংলাদেশির নাম মানব পাচারের এ মামলায় এসেছে।

দণ্ডিত মোহাম্মদ মিলন হোসেনের বয়স ৪১ বছর। এক সময় তিনি  মেক্সিকোর তাপাচুলায় বসবাস করতেন।

যুক্তরাষ্ট্রের আদালতে এ মামলার নথিতে বলা হয়েছে, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৯ সালের জুনের মধ্যে বাংলাদেশ, দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং মেক্সিকোর মানব পাচারকারীদের সঙ্গে যোগসাজশে মিলন বিপুল সংখ্যক মানুষকে টাকার বিনিময়ে কাগজপত্র ছাড়াই মার্কিন সীমান্তে পৌঁছে দিতে সহযোগিতা করেছেন।

পাচারের শিকার হওয়া লোকজনকে যুক্তরাষ্ট্রে পাঠানোর আগে মেক্সিকোতে রাখার জন্য তাপাচুলার একটি হোটেলের ব্যবস্থা করেছিলেন মিলন। সেখান থেকে তাদের মেক্সিকোর মন্টেরিতে পাঠানোর জন্য টিকিটসহ অন্যান্য ব্যবস্থা মিলনই করতেন।

তারপর তার সহযোগী মোক্তার হোসেন মন্টেরি থেকে তাদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সহায়তা করতেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল কেনেথ এ পোলাইট জুনিয়র বলেন, মানব পাচারের এই আন্তর্জাতিক চক্র বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীদের জীবনকে ঝুঁকিতে ফেলছে।

“হোসেনের মত মানব পাচারকারীদের ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পাশাপাশি অভিবাসীদের যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়ায় জড়িত, তাদের মূলোৎপাটনে বিচার বিভাগ দেশে ও বিদেশে অংশীদারদের নিয়ে তৎপরতা অব্যাহত রাখবে।

সাদার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনিফার বি লোয়েরি বলেন, এই অপরধীদের কাছে ‘মানুষের জীবনের চেয়ে টাকা বড়’। 

“হোসেনের মত মানব পাচারকারীরা অভিবাসীদের মারাত্মক বিপদের মধ্যে ঠেলে দেয়। তাদের অনেকে গুরুতরভাবে আহত হন, অনেকের মৃত্যুও ঘটে।”