২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের দিনব্যাপী ‘দালালবিরোধী’ অভিযানে ধরা ৪৯৭

দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, ভূমি অফিস, বিআরটিএ ও পাসপোর্ট অফিসে একযোগে ‘দালালবিরোধী’ অভিযান চালিয়ে ৪৯৭ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2021, 01:05 AM

Updated : 02 Aug 2022, 06:19 PM

রোববার র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন দেশজুড়ে ৫০টির বেশি সরকারি দপ্তরের সামনে এই অভিযানে অংশ নেয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিভিন্ন সেবা সংস্থায় দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার বিষয়টি তাদের নজরে আসায় তা দমনে এই অভিযান চালানো হয়।

এই অভিযানে র‌্যাবের নির্বাহী হাকিমদের পাশাপাশি জেলা প্রশাসনের হাকিমরা অংশ নেন।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (ঢাকা), ঢাকা পাসপোর্ট অফিস, মিরপুর বিআরটিএ অফিসসহ সারা দেশের বিভিন্ন জেলার ভূমি অফিস, বিআরটিএ ও পাসপোর্ট অফিসে ৬৮টি ভ্রাম্যমাণ আদালত ২৪৮ জন দালালকে নয় লাখ টাকা অর্থদণ্ড ও ২৪৯ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।