মাদকের হিসাবে গড়মিল: এক বছর তদন্ত করতে পারবেন না দুই এসআই
আশুলিয়া থানার দুই মামলায় মাদকের পরিমাণ নিয়ে তথ্যে অসঙ্গতি থাকায় মামলা দুটির বাদী পুলিশের দুই উপপরিদর্শককে এক বছর সব ধরনের তদন্ত কাজ থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সেইসঙ্গে মামলা দুটির তদন্ত কর্মকর্তাদেরও ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছে আদালত।
দুই আসামির জামিন শুনানিতে বিষয়টি নজরে এলে মামলা দুটির বাদি ও তদন্ত কর্মকর্তাদের তলব করেছিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ।
সেই তলবে রোববার আদালতে হাজির হয়েছিলেন তারা। এর মধ্যে আশুলিয়া থানার সাবেক এসআই মো. মিরাজ হোসেন মামলা করেছিলেন মো. শাহীন নামের এক আসামির বিরুদ্ধে। এসআই মিরাজ বর্তমানে শরীয়তপুরের সখীপুর থানায় আছেন। ওই মামলা তদন্ত করছেন আশুলিয়া থানার এসআই কায়সার হামিদ।
আর আলমগীর ভূঁইয়া নামে আরেক ব্যক্তিকে আসামি করে অন্য মামলাটি করেছিলেন আশুলিয়া থানার এসআই ফজর আলী। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল জলিল।
আসামি শাহীন ও আলমগী নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হলে হাই কোর্টে আবেদন করেন। গত ১২ অগাস্ট সেই শুনানিতে মাদক উদ্ধারের তথ্যে অসঙ্গতির বিষয়টি হাই কোর্টের নজরে এলে বাদী ও তদন্ত কর্মকর্তাদের তলবের আদেশ আসে।
আদালতে শাহীনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মতিউর রহমান। আলমগীরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফারজানা ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।
মামলার বিবরণে বলা হয়, গত বছর ১৮ জুলাই শাহীনকে মাদকসহ আটক করা হয়। সেদিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়। এ মামলায় গত বছর ২০ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ। বর্তমানে মামলাটি ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন।
আর গত বছর ২১ জুলাই আলমগীরকে ‘মাদকসহ’ আটক করার পর সেদিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়। এ মামলায় গত বছর ৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ।
সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর বলেন, শাহীনের মামলার এজাহারে ১০ গ্রাম হেরোইন পাওয়ার কথা বলা হয়েছে। আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাসায়নিক প্রতিবেদনে বলা হয়েছে ৭১ দশমিক ২৫ গ্রামের কথা।
আর আলমগীরের মামলার এজাহারে ১১ গ্রাম হেরোইন পাওয়ার কথা বলা হলেও সিআইডির রাসায়নিক প্রতিবেদনে তা ৮১ দশমিক ০৭ গ্রাম।
মামলা দুটির বাদীর বিষয়ে আদেশের পাশাপাশি আদালত দুই আসামিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে বলে আইন কর্মকর্তা জানান।
