সাত মাসে সাতটি বাসে ডাকাতি, ৬ জন গ্রেপ্তার
রংপুরের পীরগঞ্জে গত ৩১ অগাস্ট হানিফ এন্টারপ্রাইজ একটি নৈশকোচে ডাকাতি ও হত্যার ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার এক সংবাদ সম্মেলনে র্যাব বলেছে, গত ডিসেম্বর থেকে এই চক্রটি গাইবান্ধার পলাশবাড়ী থেকে রংপুরের পীরগঞ্জ এলাকার ৪৮ কিলোমিটার সড়কের মধ্যে সাতবার ডাকাতি করেছে। প্রতিবারই তারা যাত্রীবেশে বাসে উঠেছিল।
গত ৩১ অগাস্ট রাতে ঢাকা হতে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাস রংপুর জেলার পীরগঞ্জ এলাকায় ডাকাতের কবলে পড়ে। যাত্রীবেশী ওঠা ডাকাতদের ছুরিকাঘাতে বাসের চালক মনজুর হোসেন (৫৫) নিহত হন।
ওই ঘটনার পর বাসের সুপারভাইজার মো. পইমুল ইসলাম বাদী হয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় একটি মামলা করেন।
আসামিদের ধরতে গত ৪ সেপ্টেম্বর র্যাবের আভিযানিক দল ঢাকার আশুলিয়া ও গাইবান্ধায় অভিযান চালিয়ে ডাকাতির সাথে সরাসরি জড়িত নয়ন চন্দ্র রায় (২২), রিয়াজুল ইসলাম লালু (২২), ওমর ফারুক (১৯), ফিরোজ কবির (২০), আবু সাঈদ মোল্লা (২৫) এবং শাকিল মিয়াকে (২৬) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ পাঁচটি ছুরি, লুট হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
“নয়ন চন্দ্র রায় এই ডাকাত দলের হোতা। এরা দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গগামী বাসে সাধারণ যাত্রীবেশে উঠে ডাকাতি করে আসছিল।”
গত ১৮ ডিসেম্বর রত্না স্পেশাল, ১ জানুয়ারি শঠিবাড়ি স্পেশাল, ১২ জানুয়ারি সৈকত পরিবহন, ৮ মার্চ শ্যামলী পরিবহন, ৪ এপ্রিল জানা পরিবহন, ১৯ অগাস্ট ডিপজল পরিবহন এবং ৩১ অগাস্ট হানিফ এন্টারপ্রাইজ বাসে তারা ডাকাতি করে বলে জানান কমান্ডার মঈন।
তিনি বলেন, “সাধারণত তারা পলাশবাড়ি থেকে পীরগঞ্জ মহাসড়কের নির্জন কোনো এলাকা ডাকাতির জন্য বেছে নেয়। ডাকাতি করার পর তারা আবার আশুলিয়ায় ফিরে আসে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩১ অগাস্ট রাত আনুমানিক ৮টার দিকে হানিফ এন্টারপ্রাইজের ওই ননএসি বাসটি ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে গাবতলী ছেড়ে যায়। সাভারে পৌঁছালে ডাকাত দলের সদস্য মো. রিয়াজুল ইসলাম লালু, আবু সাঈদ মোল্লা ও আরেকজন সেই বাসে ওঠেন।
এরপর রাত ৯টার দিকে নবীনগর থেকে বাসে ওঠেন নয়ন চন্দ্র রায়, মো. ওমর ফারুক ও ফিরোজ কবির।
কমান্ডার মঈন বলেন, রাত আড়াইটার দিকে বাসটি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিটিসি মোড় পার হওয়ার সময় যাত্রীবেশী ডাকাত দলের সদস্যরা ছুরির মুখে বাসের নিয়ন্ত্রণ নেয়।
“প্রথমেই তারা বাসের চালক মনজুর হোসেনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এরপর ডাকাত দলের সদস্য লালু বাস চালাতে থাকে এবং অন্যরা বাসের যাত্রীদের জিনিসপত্র লুটপাট করতে করতে রংপুরের শটিবাড়ীর ভাবনা ফিলিং স্টেশন পর্যন্ত যায়।
“শঠিবাড়িতে বাসটি ইউটার্ন নিয়ে আবার উল্টো পথে রওয়ানা হয়। পলাশবাড়ী পৌঁছানোর আগে রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জের চম্পাগঞ্জ হাইস্কুলের সামনে যাত্রীসহ বাসটি রেখে পালিয়ে যায় ডাকাতেরা।”
গুরুতর আহত অবস্থায় বাসের চালক মনজুর হোসেনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমান্ডার মঈন বলেন, “গ্রেপ্তার হওয়া নয়ন চন্দ্র রায় জিজ্ঞাসাবাদে বলেছেন, ওই চক্রের সদস্যরা আশুলিয়ায় বিভিন্ন গার্মেন্টস কারখানায় খণ্ডকালীন চাকরি, ক্ষুদ্র ব্যবসা, অটো চালানোর মত পেশায় জড়িত ছিল। গ্রেপ্তার শাকিলসহ তাদের আরও কয়েকজন সদস্য গাইবান্ধায় থাকেন।
“শাকিল আগে থেকেই ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকতেন। তার কাজ ছিল বাসে থাকা দলকে তথ্য দিয়ে সহায়তা করা। রিয়াজুল ইসলাম লালু পেশায় একজন ট্রাক চালক। প্রতিবার ডাকাতির সময় লালু বাস চালানোর দায়িত্ব নিতেন।”
র্যাব-১ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোত্তাকিমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
