অক্সিজেন প্ল্যান্ট নিয়ে নিয়ে এল ভারতীয় নৌবাহিনীর জাহাজ
মহামারী মোকাবেলায় ভারত সরকারের দেওয়া উপহারের দুটি মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট নিয়ে বাংলাদেশে এসেছে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ।
মোবাইল অক্সিজেন প্ল্যান্ট নিয়ে বৃহস্পতিবার অফশোর টহল জাহাজ আইএনএস সাবিত্রী চট্টগ্রামে পৌঁছায় বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশন।
হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্ল্যান্টগুলোর অক্সিজেন উৎপাদন ক্ষমতা প্রতি মিনিটে ৯৬০ লিটার।
”ভারতের ডিআরডিও দ্বারা নির্মিত প্ল্যান্টগুলি কোভিড মহামারীর মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে।”
এর একটি প্ল্যান্ট ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থাপন করা হবে। অন্যটি বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে বিএনএস পতেঙ্গায় স্থাপন করার জন্য।
স্বয়ংসম্পূর্ণ এবং অত্যাধুনিক এই প্ল্যান্টগুলি অত্যন্ত সাশ্রয়ী উপায়ে তাৎক্ষণিক মেডিকেল অক্সিজেন তৈরি করে। হাসপাতালে সরাসরি স্থাপনের পাশাপাশি এগুলো অক্সিজেন সিলিন্ডার রিফিল করার জন্যও ব্যবহার উপযোগী।
ভারতীয় হাই কমিশন জানিয়েছে, আইএনএস সাবিত্রীর মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এল ভারতীয় নৌবাহিনীর জাহাজ।
এর আগে মার্চ মাসে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো মংলা সফরে এসেছিল ভারতীয় নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ।
ভারতের বিশাল এক্সক্লুসিভ ইকোনমিক জোনে টহল দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে অফশোর টহল জাহাজ আইএনএস সাবিত্রী। নির্মাণ করেছে বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড।
ভারতের পূর্বাঞ্চলীয় নৌবহরের অংশ হিসেবে, আইএনএস সাবিত্রী বহর সহায়তা কার্যক্রম, উপকূলীয় এবং উপকূল থেকে দূরবর্তী টহল, সমুদ্রে নজরদারি এবং যোগাযোগ ব্যবস্থার ওপর নজরদারি চালায়। জাহাজটির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার এন রবি সিং।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরকালে জাহাজের কোম্পানি তাদের বাংলাদেশী সমমর্যাপন্নদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে এবং যাত্রার সময় ভারতীয় নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলো শুক্রবার বঙ্গোপসাগরে ‘প্যাসেজ’ মহড়ায় অংশ নেবে।
