সংসদ অধিবেশন কেন্দ্র করে ডিএমপির কিছু নিষেধাজ্ঞা
বুধবার থেকে শুরু হতে যাওয়া একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন ‘নির্বিঘ্ন’ করতে কিছু নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অগাস্ট রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
যেসব এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকবে:
>> ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত।
>> বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।
>> পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।
>> মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল।
>> রোকেয়া সরণীর সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং পর্যন্ত।
>> ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত।
>> জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সকল রাস্তা ও গলিপথ।
বুধবার বিকাল ৫টায় শুরু হবে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। মহামারীকালের অন্যান্য অধিবেশনের মতো শুরু হতে যাওয়া অধিবেশনটিও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।
ঢাকা মহানগর পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের এ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত আদেশ বহাল থাকবে।
