২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি মুদ্রার প্রলোভনে ফেলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

নিজেরাই ক্রেতা বিক্রেতা সেজে সাধারণদের প্রলুব্ধ করে উচ্চ দামে ওমানের মুদ্রা বিক্রির প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2021, 08:03 PM

Updated : 02 Aug 2022, 06:16 PM

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আল আমিন (৩৫) ও মোঃ শাহজাহান সিরাজ (৪৬)।

শনিবার উত্তরা পশ্চিম থানা এলাকার খালপাড়ে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা।

রোববার দুপুরে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম সাংবাদিকদের জানান, গত ২৩ অগাস্ট সাভারের লুৎফর রহমান নামে এক ব্যক্তি তার ব্যাংক কর্মকর্তা ভাইয়ের কাছ থেকে দুই লাখ টাকা নেন।

“ফেরার পথে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় এক সিএনজি অটোরিক্সা চালক তাকে ডেকে কয়েকটি বিদেশি মুদ্রা দেখিয়ে জিজ্ঞাসা করেন, ‘এগুলো কোথায় ভাঙ্গানো যাবে এবং কত টাকা পাওয়া যাবে?’।

“এসময় দুই ব্যক্তি সেখানে এসে উপস্থিত হন। তারা নিজেদের ব্যাংক কর্মকর্তা ও মানি একচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত উল্লেখ করে ওমানের মুদ্রাগুলো দেখে অত্যন্ত দামি বলে জানান।“

পুলিশ সুপার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “পূর্ব পরিকল্পিতভাবে তাদের একজন চারটি মুদ্রা ৪০ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে লুৎফরকে কেনার জন্য প্রলুদ্ধ করেন।

“প্রলোভনে পড়ে এক পর্যায়ে লুৎফর তার কাছে থাকা দুই লাখ টাকা দিয়ে ২০টি ওমানের মুদ্রা কিনে নেন। পরে খোঁজ নিয়ে জানতে পারে তিনি প্রতারণার শিকার হয়েছেন।“

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হলে পিবিআই তদন্তের দায়িত্ব নিয়ে পাঁচ দিনের মাথায় এই চক্রের দুইজনকে গ্রেপ্তার এবং বেশ কিছু ওমানের মুদ্রা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার খোরশেদ বলেন, “গ্রেপ্তারের পর তারা এই ঘটনা ছাড়াও আরও এমন প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আয় করার কথা স্বীকার করেছে।“