মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী দাতো সিরি ইসমাইল সাবরি বিন ইয়াকুবকে শনিবার উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষে আমাদের হৃদয়গ্রাহী অভিনন্দন জানাতে পেরে আমি খুব আনন্দিত।”
তিনি বলেন, ইসমাইল সাবরির গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে মালয়েশিয়া কাঙ্খিত লক্ষ্যে আরও সমৃদ্ধ হবে এবং অগ্রসর হবে।
একই রকমের বিশ্বাস, ভাতৃত্ব, সহযোগিতা ও সমৃদ্ধির উপর ভিত্তি করে বাংলাদেশ ও মালয়েশিয়ার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, উভয় দেশই সুবিধাজনক অবস্থানে থেকে বিভিন্ন ক্ষেত্রে যেমন- শিক্ষা, মানবসম্পদ, ব্যবসা, বিনিয়োগ, পর্যটন, নির্মাণ শিল্প, কৃষিক্ষেত্র প্রভৃতিতে সহযোগিতামূলক অংশীদারিত্ব শক্তিশালী করতে প্রতিশ্রতিবদ্ধ।
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা আরও বলেন, তিনি বিশ্বাস করেন দুই দেশের মধ্যে বিদ্যমান বহুমুখী ও প্রাণবন্ত সম্পর্ক ইসমাইল সাবরির দায়িত্ব পালনকালে আরও শক্তিশালী হয়ে উঠবে।
মালয়েশিয়ায় বসবাসকারী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি দেশটির উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখাতেও প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দেশের জনগণের পারষ্পরিক স্বার্থে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে একযোগে কাজ করার অপেক্ষায় আছেন।
শেখ হাসিনা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ ও শান্তি এবং মালয়েশীয় জনগণের সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
