২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীতে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করায় প্রধানমন্ত্রীর গুরুত্ব

সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে সৎ, নির্মোহ, ন্যায়পরায়ণ, জনবান্ধব, মানবিক গুণসম্পন্ন এবং কর্মজীবনে সফল কর্মকর্তাদের খুঁজে বের করায় গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2021, 05:48 PM

Updated : 10 Oct 2022, 06:06 PM

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২১ (প্রথম পর্ব) সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত রাখতে একটি সুশৃঙ্খল ও অত্যাধুনিক সেনাবাহিনী অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। এজন্যই মহান মুক্তিযুদ্ধের আদর্শে বলীয়ান, সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগে সদা প্রস্তুত, পেশাদার এবং দায়িত্বজ্ঞান সম্পন্ন অফিসারদের হাতে এর নেতৃত্ব ন্যাস্ত করতে হবে। সেই সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে সৎ, নির্মোহ, ন্যায়পরায়ণ, জনবান্ধব, মানবিক গুণসম্পন্ন এবং সর্বপরি কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব প্রদানে সফল অফিসারদের খুঁজে বের করতে হবে।”

সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে অনুসরণ করা ‘টেবুলেটেড রেকর্ড অ্যান্ড কমপ্যারেটিভ ইভালুয়েশন’ বা ‘ট্রেস’ পদ্ধতি তাদের পেশাগত দক্ষতার বিভিন্ন দিকের তুলনামূলক মূল্যায়ন প্রকাশ করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “নির্বাচকমণ্ডলীগণ ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে, প্রজ্ঞা ও বিচক্ষণ বিচার-বিশ্লেষণের মাধ্যমে যোগ্য ব্যক্তিকেই পদোন্নতির জন্য নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস।

“আপনাদেরকে সকল প্রভাব থেকে মুক্ত থেকে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে। বিভিন্ন প্রকার নিযুক্তি যেমন- কমান্ড, স্টাফ, প্রশিক্ষকসহ বিভিন্ন গুরত্বপূর্ণ নিযুক্তির জন্য উপযুক্ত অফিসারদেরকে পদোন্নতি প্রদান করতে হবে। এতে করে সকলের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।”

Image
ছবি: আইএসপিআর

ছবি: আইএসপিআর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনীর যে অগ্রযাত্রা শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় এবং আওয়ামী লীগ সরকারের নিবিড় পরিচর্যার ফলে এই বাহিনী বর্তমানে অত্যন্ত পেশাদার, দক্ষ ও আধুনিক বাহিনীতে পরিণত বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস মহামারী প্রতিরোধসহ নানা উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন, যা প্রশংসার দাবিদার। সেনাবাহিনীর সদস্যরা শুধু দেশেই নয়, বিশ্ব দরবার থেকেও দেশের জন্য এক বিরল সম্মান ও মর্যাদা বয়ে এনেছে।”

সেনাবাহিনীর আধুনিকায়নে জাতির পিতার নেওয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

সরকার গঠনের পর থেকে সামরিক বাহিনীকে আধুনিক, যুগোপযোগী করে গড়ে তুলতে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “গত সাড়ে ১২ বছরে আমরা তিন বাহিনীর ব্যাপক উন্নয়ন সাধন করেছি। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীতে অত্যাধুনিক সমরাস্ত্র, সেনা বিমান ও হেলিকপ্টারসহ আধুনিক ইনফ্যান্ট্রি গেজেট, ইঞ্জিনিয়ারিং সরমঞ্জামাদি সংযোজন করেছি।”

তিনি বলেন, “করোনাভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড থেমে নেই। আমরা অর্থনৈতিক অগ্রগতির মানদণ্ডে বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে স্থান করে নিয়েছি। বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। আমরা দারিদ্র্যের হার ২০.৫ শতাংশের নীচে নামিয়ে এনেছি এবং মাথাপিছু আয় দুই হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত করেছি। আর্থ-সামাজিক সকল সূচকে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছি।”

মহামারীর সময়ও সব বড় বড় প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, “আমরা সকল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করেছি, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রেরণ করেছি। দেশকে আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’ এ রূপান্তরিত করেছি। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ছাড়িয়েছে। রূপকল্প-২০২১ এর সফল বাস্তবায়নের মাধ্যমে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি।”

প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে সেনাসদর মাল্টিপারপাস কমপ্লেক্স প্রান্ত থেকে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।