২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: টিকা আমদানিতে মধ্যস্বত্বভোগী চান না ১৮ বিশিষ্ট নাগরিক

বাংলাদেশে করোনাভাইরাসের টিকা বাণিজ্য নিয়ন্ত্রণ করতে একটি মহল সক্রিয় হয়ে উঠেছে মন্তব্য করে এই বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ চেয়েছেন ১৮ জন বিশিষ্ট নাগরিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2021, 12:45 AM

Updated : 02 Aug 2022, 05:55 PM

সোমবার এক বিবৃতিতে দেশের বিশিষ্ট এসব নাগরিক একই সঙ্গে সক্ষম দেশি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে টিকা উৎপাদনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন।

তারা বলেন, “বাংলাদেশের জন্য করোনা মোকাবিলায় ভ্যাকসিন উৎপাদনের কোনো বিকল্প নেই। তাই দেশজ উৎপাদন বাস্তবায়নে যুদ্ধকালীন জরুরি পরিস্থিতির ন্যায় সরকার পদক্ষেপ গ্রহণ করবেন, সেটা সবার কাম্য।”

ফাইজারের টিকাদান ঢাকার ৪ কেন্দ্রে, ১৩ জুন থেকে পাবেন নিবন্ধনকারীরা: স্বাস্থ্যমন্ত্রী

কোভিড-১৯: চীন-রাশিয়ার টিকা বাংলাদেশেও তৈরির পথ খুলল

চীনা টিকা তৈরির অনুমতি এখনও কাউকে দেওয়া হয়নি: ঔষধ অধিদপ্তর  

বিবৃতিতে আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, অধ্যাপক অনুপম সেন, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাংবাদিক আবেদ খান, অধ্যাপক আবদুস সেলিম, মফিদুল হক, মামুনুর রশীদ, ডা. আমজাদ হোসেন, ডা. ফওজিয়া মোসলেম, ডা. রশিদ-এ-মাহবুব, ডা. কামরূল হাসান খান, অধ্যাপক এ,বি,এম,ফারক, শাহরিয়ার কবীর, নাসির উদ্দীন ইউসুফ ও অধ্যাপক মুনতাসীর মামুন সই করেছেন।

বিবৃতিতে তারা বলেন, “আমরা মনে করি ভ্যাকসিন আমদানির আলোচনা ও সিদ্ধান্ত এবং জনগণকে টিকাদানের সমগ্র দায়-দায়িত্ব সরকার পালন করছে।

“তাই ভ্যাকসিন আমদানিতে কোনো মধ্যস্বত্বভোগীর ভূমিকা গ্রহণের সুযোগ নেই। সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে, সেটা আমাদের প্রত্যাশা।”

তারা কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বর্তমান সরকার যেসব ব্যবস্থা নিয়েছে সেগুলোর প্রতি আস্থা রাখার কথা জানিয়েছেন।

বিশিষ্ট নাগরিকেরা বলেন, “সংক্রমণ রোধে টিকাদানের ব্যবস্থাপনা এবং তার বাস্তবায়ন সর্বমহলের প্রশংসা অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে টিকা সংগ্রহের যে ব্যবস্থা করেছিলেন তা ভারতজুড়ে সংক্রমণ বৃদ্ধির কারণে বন্ধ হয়ে যায়।”

কোভিড টিকা: ‘পেটেন্ট’ ছাড়ে যুক্তরাষ্ট্র সমর্থন দিলেও বিরোধিতা কমেনি

করোনাভাইরাস: বাংলাদেশে টিকা উৎপাদনের সম্ভাবনা কতটা?  

পরিবর্তিত পরিস্থিতিতে রাশিয়া ও চীন থেকে টিকা সংগ্রহ এবং দেশে উৎপাদনের উদ্যোগ গ্রহণের চেষ্টাকে স্বাগত জানিয়েছেন তারা।

 “আমরা সরকারের এইসব পদক্ষেপের সঙ্গে সহমত পোষণ করে জরুরি ভিত্তিতে এর বাস্তবায়ন প্রত্যাশা করি।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডব্লিউটিও এবং অন্যান্য ফোরামে ভ্যাকসিন উৎপাদনে বুদ্ধিবৃত্তিক সুরক্ষা শিথিলের যে দাবি তুলেছেন তা বিশ্বমানবের সার্বজনীন অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

এই দাবির পক্ষে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সোচ্চার হওয়ার জন্য নাগরিক সমাজের প্রতি আহ্বান জানানোন হয়।