জিয়ার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিএনপি।
সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই অভিযোগ করেন।
তিনি বলেন, “৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা, টাঙ্গাইল, দিনাজপুর, ময়মনসিংহ, নড়াইল, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় আয়োজিত কর্মসূচিতে পুলিশ ও প্রশাসন নিলর্জ্জভাবে বাধা প্রদান করেছে ও তা নিয়ন্ত্রণ করেছে।
“গতকাল শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতেও মাজারের প্রবেশমুখে পুলিশ বিনা কারণে নেতা-কর্মীদের ভেতরে ঢুকতে বাধা প্রদান করে এবং বের হওয়ার সময় হয়রানি করে।”
শনিবার রাতেও কয়েকটি এলাকায় দুস্থ মানুষের জন্য করা রান্নার সামগ্রী উঠিয়ে নেওয়ার অভিযোগ করে তিনি বলেন, “দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের এরকম ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
কুষ্টিয়ায় কর্মসূচি পালনে পুলিশ নিষেধাজ্ঞা দিয়েছে এবং চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়সহ বি্ভিন্ন জেলা, উপজেলা ও ইউনিটের অফিস আগে থেকেই পুলিশ তালাবদ্ধ করে রাখে বলেও অভিযোগ করেন প্রিন্স।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, এবিএম মোশাররফ হোসেন, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আবদুস সালাম আজাদ, ওমর ফারকু সাফিনসহ অনেকেই।
