২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকবিভাগের অনলাইন সেবায় জোর প্রধানমন্ত্রীর

ডাকের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2021, 01:10 PM

Updated : 10 Oct 2022, 05:59 PM

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিয়ের মাধ্যমে ডাক অধিদপ্তরের নবনির্মিত সদরদপ্তর ‘ডাক ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি বলেন, “ডাকের সেবাটাকে একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সেই ব্যবস্থাটা আপনাদের এখন নিতে হবে।”

আধুনকিায়নের মাধ্যমে ডাক সেবা গ্রাহকের কাছে পৌঁছে দিতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “যেহেতু অনলাইন সেলিং জনপ্রিয়তা লাভ করছে, কাজেই ডাকঘরের পিছিয়ে থাকলে চলবে না। ডাক বিভাগকে এই ব্যাপারে আরো দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

ভবিষ্যতে ডাকের মাধ্যমে যাতে গ্রাহকের কাছে খাদ্য, ফল-মূল সহজে পৌঁছানো যায় সে বিষয়েও প্রযোজনীয় ব্যবস্থা নিতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, অর্থাৎ যেগুলো পচনশীল পণ্য সেগুলো পরিবহনের জন্য ইতোমধ্যে কুলিং সিস্টেম যেন থাকে, ফল-মূল, বিভিন্ন তরিতরকারি বা কোনো পণ্য যেন ভালো থাকে, সে ধরনের গাড়ি কিনে এই ডাকের মাধ্যমে মানুষ যেন সে সেবা পায় সে ব্যবস্থা আমরা নিচ্ছি।

“শুধু গাড়ি কিনলে হবে না এখানে চেম্বার দরকার। সে জন্য ডাকঘরগুলোতে কুলিং সিস্টেমযুক্ত চেম্বার যাতে তৈরি হয় তার ব্যবস্থা, অর্থাৎ ওয়ারহাউজ, সেগুলো নির্মাণ হচ্ছে।”

প্রধানমন্ত্রী বলেন, “ডাক বাছাই, ত্বরান্বিতকরণ ও পচনশীল দ্রব্য সংরক্ষণের জন্য কুলিং চেম্বারের সুবিধা সংবলিত ওয়ারহাউসযুক্ত ১৪টি অত্যাধুনিক মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণের কাজ প্রায় শেষ হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে এটা প্রথমে আমরা জেলা ও বিভাগীয় শহরে করে দিচ্ছি। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে, ডাক বিভাগকে আমরা বলব, আপনারা এ রকম প্রজেক্ট নিবেন একেবারে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত অর্থাৎ ডাকঘর যেখানে যেখানে আছে সেখানে এই ব্যবস্থাটা থাকতে হবে।”

জেলা ও বিভাগীয় সদরে আধুনিক মেইল প্রসেসিং, কুলিং সুবিধাযুক্ত স্টোরেজ, ডিজিটাল সুযোগ-সুবিধা সংবলিত এবং গ্রাহকবান্ধব ৩৮টি মডেল ডাকঘর নির্মাণে সরকার হাত দিয়েছে বলে জানান শেখ হাসিনা।

Image
রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত ডাক ভবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দৃষ্টিনন্দন ১৪ তলা ভবনটি উদ্বোধন করেন । ছবি: আসিফ মাহমুদ অভি

রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত ডাক ভবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দৃষ্টিনন্দন ১৪ তলা ভবনটি উদ্বোধন করেন । ছবি: আসিফ মাহমুদ অভি

নবনির্মিত ডাক ভবন প্রসঙ্গে তিনি বলেন, সব ধরনের সুযোগ-সুবিধা রেখেই উন্নতমানের এই ভবন হয়েছে, যাতে গ্রাহক সেবা বৃদ্ধি পায়। আর আধুনিক প্রযুক্তির ব্যবহার যাতে হয় সেই এই ব্যবস্থা নিয়েছি।”

শেখ হাসিনা বলেন, “আসলে লেটার বক্স সবাই ভুলে যাচ্ছে। এখন তো সবাই হয় এসএমএস করে বা ই-মেইল করে বা মেসেজ পাঠায়। চিঠি লেখাতো এখন অনেকটা নাই। সেটা যেন ভুলে না যায়...এই বিল্ডিংটা দেখলে সেটা মনে হবে, নাহ একটা লেটার বক্স আছে।”

স্বাধীনতার পর ডাক বিভাগের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেয়া নানা উদ্যোগের পাশপাশি ডাক বিভাগের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন বঙ্গবন্ধুকন্যা।

ঢাকার আগারগাঁওয়ের ডাক ভবন প্রান্তে এই সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।