কার্তিক হত্যা: তিন আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
প্রায় দেড়যুগ আগে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ফরিদপুরের আলোচিত কার্তিক সিকদার হত্যা মামলায় সশ্রম কারাদণ্ডে দণ্ডিত তিনজনকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
এই তিন আসামি হলেন- ইমারত মোল্লা, কালাম মোল্লা ও সিদ্দিক মোল্লা।
আগামী দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে তাদের আত্মসমর্পন করতে বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
২০০৬ সালের ১ জুনের এই ঘটনায় ২০০৭ সালের ৩ মার্চ আদালতে মামলা দায়ের করেছিলেন নিহতের স্ত্রী মিলনী সিকদার।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মামলার রায়ে নগরকান্দার চর যশোরদী ইউনিয়ন যুবদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক সিরাজ মোল্লাসহ পাঁচ আসামির যাবজ্জীবন হয়। পরবর্তীতে পাঁচজনই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে জামিন চাইলে আদালত ইমারত মোল্লা, কালাম মোল্লা ও সিদ্দিক মোল্লাকে জামিন দেয়।
“জামিন পেয়ে তারা কারাগার থেকে বেড়িয়ে যান। রাষ্ট্রপক্ষ হাই কোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিলের পাশাপাশি জামিনপ্রাপ্তদের আত্মসমর্পনের নির্দেশনা চেয়ে আবেদন করে।”
এই আবেদনে আপিল বিভাগ হাই কোর্টের জামিন আদেশটি স্থগিত করে দণ্ডিত তিন জামিনপ্রাপ্তকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পন করতে নির্দেশ দিয়েছে বলে জানান এই আইন কর্মকর্তা।
মামলার নথিপত্র থেকে জানা যায়, মেঘারকান্দি গ্রামের কার্তিক সিকদারের অপ্রাপ্তবয়স্ক কন্যাকে অপহরণের পর ধর্মান্তরিত করে বিয়ে করেন চর যশোরদী ইউনিয়ন যুবদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক সিরাজ মোল্লা।
পরে কার্তিক সিকদারের বাড়িঘর দখল করে বসবাস শুরু করেন স্থানীয় এই যুবদল নেত। এমনকি তার কাছ থেকে বিভিন্ন দফায় চাঁদাও আদায় করতে শুরু করেন সিরাজ।
এক পর্যায়ে চাঁদা না দিলে ২০০৬ সালের ১ জুন রাতে সিরাজ ও তার সহযোগীরা কার্তিক সিকদারকে ধরে নিয়ে নির্যাতন করে ফেলে রেখে যান।
ওইদিন আহত কার্তিককে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গেলেও বাধা দেওয়া হয়।
পরদিন ভয়ভীতি উপেক্ষা করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান কার্তিক সিকদার।
এরপর সিরাজ মোল্লা ও তার সহযোগীরা কার্তিকের লাশ ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করতে না দিয়ে মাটিচাপা দিয়ে রাখেন।
এই ঘটনায় ২০০৭ সালের ৩ মার্চ নিহত কার্তিক সিকদারের স্ত্রী মিলনী সিকদার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে এসে সিরাজ মোল্লা ও তার চার সহযোগীর বিরুদ্ধে মামলা করেন।
নগরকান্দা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই)আবুল কালাম তদন্ত করে সিরাজ ও তার চার সহযোগীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।
ফরিদপুরের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান ২০১৯ সালের ২২ জুলাই সিরাজ মোল্লাসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেন। রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়।
এই অবস্থায় ইমারত মোল্লা, কালাম মোল্লা ও সিদ্দিক মোল্লা হাই কোর্টে জামিন আবেদন করলে গত ১০ ফেব্রুয়ারি হাই কোর্ট তাদের জামিন দেয়।
এই জামিন আদেশের বিরুদ্ধে লিভটু আপিল করে হাই কোর্টের আদেশ স্থগিত চাওয়ার পাশাপাশি জামিন পাওয়া তিন আসামির আত্মসমর্পন ও গ্রেপ্তারের নির্দেশনা চায় রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার আবেদনটি শুনানির পর হাই কোর্টের আদেশ স্থগিত করার পাশাপাশি তিন আসামিকে আত্মসমর্পনের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।
