রাজধানীতে ১১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
রাজধানীর দারুস সালাম ও মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা থেকে ১১ হাজার ১০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৪ জানায়, সোমবার রাতে দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৩০০ ইয়াবাসহ রাজীবুল হাসান রাজীব (৩৫) ও শারমিন আক্তার জেসমিন (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ৭ হাজার ১১০ টাকাও জব্দ করা হয়, যা ইয়াবা বিক্রি থেকে পাওয়া বলে র্যাবের ধারণা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তারা পরস্পর যোগসাজশে বেশ কিছুদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।”
এদিকে র্যাব-২ এর একটি দল মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ১৮০০ ইয়াবাসহ মো. সালাম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনেভা ক্যাম্পের বি ব্লকের ১০৮ নম্বর হোল্ডিং থেকে সোমবার বিকালে সালামকে গ্রেপ্তার করা হয়।
সালাম প্রথমে মাদকের কারবারের কথা অস্বীকার করলেও পরে তার ঘরে কাপড় রাখার ব্যাগে তল্লাশি করে ১৮০০ ইয়াবা এবং ৬৬ হাজার ৫০০ টাকা পাওয়া যায় বলে র্যাবের ভাষ্য।
“জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে সে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। কক্সবাজার থেকে ইয়াবা কিনে এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল সে।”
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান।
