২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবার আসামিকে শোধরাতে মুক্তিযুদ্ধের বই পড়ার রায়

রাজধানীর গেণ্ডারিয়া থানা এলাকায় ৩০টি ইয়াবাসহ গ্রেপ্তার এক আসামিকে মুক্তিযুদ্ধের বই পড়া, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা দেখা এবং পাঁচটি গাছ রোপণের আদেশ দিয়েছেন ঢাকার একজন মহানগর হাকিম।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2021, 12:03 AM

Updated : 07 Apr 2022, 10:46 PM

মো. রাজিব হোসেন রাজু নামের ওই তরুণকে সংশোধনের সুযোগ দিতে আপাতত শাস্তির বদলে এক বছরের জন্য প্রবেশন মঞ্জুর করে মহানগর হাকিম বেগম মাহমুদা রোববার এই রায় দেন।

এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, “কোনো আসামিকে শাস্তি দেওয়া মানে সংশোধন করা। সংশোধনের জন্যই বিচারক তার রায়ে এই নির্দেশ দিয়েছেন।”

মাদক মামলার আসামি রাজুকে ‘একাত্তরের দিনগুলি’, ‘একাত্তরের চিঠি’ এবং নৈতিকতার ওপর প্রকাশিত দুটি বই পড়তে বলেছেন বিচারক।

পাশাপাশি তাকে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত সিনেমা ‘আগুনের পরশমণি’ দেখতে বলা হয়েছে। আর দুটি বনজ ও তিনটি ফলদ বৃক্ষ রোপণের আদেশ দেওয়া হয়েছে রায়ে।

বিচারক বলেছেন, রাজিব হোসেন প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে এক বছর প্রবেশনে থাকবেন।

“এই সময়ের মধ্যে সে একই ধরনের বা অন্য কোনো অপরাধ করবে না। মাদকসেবন করবে না, খারাপ সঙ্গীর সঙ্গে মিশবে না।”

এসব শর্ত ভঙ্গ করলে বা আচরণ সন্তোষজনক না হলে তার প্রবেশন বাতিল হবে। সেক্ষেত্রে শাস্তি হিসেবে তাকে ছয় মাসের কারাভোগ করতে হবে। আর প্রবেশনের সময় তার আচরণ সন্তোষজনক হলে রাজু চাকরিসহ ভবিষ্যৎ জীবনে কোথাও ‘অযোগ্য’ বলে গণ‌্য হবেন না।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৬ নভেম্বর গেণ্ডারিয়া থানা এলাকায় এসকে দাস রোডের নাজির হোসেনের বাড়ির সামনে থেকে ৩০টি ইয়াবাসহ রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে গেণ্ডারিয়া থানার এসআই মো. সাজ্জাদুজ্জামান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেন।

গেণ্ডারিয়া থানার এস আই রাশেদুল আলম ওই বছরের ২৭ নভেম্বর রাজুর বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালত তার বিচার শুরু করে।