কদমতলীতে ছুরি মেরে ‘পুলিশের সোর্স’ হত্যা
রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইন এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি পুলিশের ‘সোর্স’ হিসেবে কাজ করতেন।
নিহতের নাম জাকির হোসেন (৫০)। তার সঙ্গে মুজিবুর রহমান (৩২) নামে আরেকজন কুপিয়ে আহত করা হয়েছে।
বুধবার রাতে পূর্ব জুরাইনের নবায়ন গলিতে এই ঘটনা ঘটে বলে কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকিরকে ফোনে ডেকে এনে সন্ত্রাসীরা এলোপাতাড়ি ছুরি মারলে দুজন আহত হন। পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।
জাকির পরিবার নিয়ে রায়েরবাগ মদিনাবাগ এলাকায় থাকতেন। মুজিবুরও একই এলাকার বাসিন্দা।
ওসি বলেন, “জাকির কদমতলী থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করত। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের নাম জানা গেছে। তবে তদন্তের স্বার্থে এখন নামগুলো বলা যাচ্ছে না।”
