২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষাটোর্ধ্ব ধনীদের লক্ষ্য করে প্রতারণার জাল

রাজধানীতে একটি প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার সদস্য এক নারী ষাটোর্ধ্ব ধনাঢ্য ব্যক্তিদের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 07:08 PM

Updated : 25 Jul 2022, 07:07 PM

এই কাজে তারা একটি মোবাইল কোম্পানির কাস্টমার সার্ভিস সেন্টারের একজন কর্মীকে ভিড়িয়েছিলেন, যিনি টাকার বিনিময়ে সার্ভার থেকে তাদের ফাঁদে পড়া ব্যক্তির ব্যক্তিগত গোপনীয় তথ্য বের করে তাদের সরবরাহ করতেন।  

গ্রেপ্তাররা হলেন- পারভীন আক্তার নূপুর (২৮), তার বড় বোন শেফালী বেগম (৪০), মতিঝিলের পারফেক্ট ট্রাভেল এজেন্সির কর্মচারী শামসুদ্দোহা খান ওরফে বাবু (৪০) এবং একটি মোবাইল কোম্পানির কাস্টমার সার্ভিস ম্যানেজার রুবেল মাহমুদ অনিক (২৭)।

পুলিশের ভাষ্য মতে, নুপুরকে ঘিরে গড়ে তোলা হয়েছিল এই প্রতারক চক্র। প্রতারণার অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন তারা। কোনো পেশায় না থাকা নুপুর গুলশানের নিকেতনের যে ফ্ল্যাটে থাকতেন, তার মাসিক ভাড়া ৮০ হাজার টাকা। বনানীর একটি জিমে যেতেন এই তরুণী, যার জন্য মাসে বিল দিতেন ৩০ হাজার টাকা। তার একমাত্র মেয়ে পড়ে গুলশানের একটি ইংরেজি মাধ্যমের স্কুলে।

হাতিরঝিল থানার প্রতারণার একটি মামলার তদন্ত গিয়ে গত ৩ ডিসেম্বর মোহাম্মদপুর এলাকা থেকে শেফালী বেগমকে, একই দিন রমনা এলাকা থেকে বাবুকে এবং পরদিন গুলশান থেকে নুপুরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজ আল ফারুক জানান।

তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের পর ৪ ডিসেম্বর তিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। ৬ ডিসেম্বর আদালত নুপুরের একদিনের রিমান্ড মঞ্জুর করে।

ওই দিনই নুপুরকে নিয়ে নিকেতনে তার ফ্ল্যাটে গিয়ে কাগজে লেখা কয়েকজন ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা লেখা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে নুপুর এসব তথ্য একটি মোবাইল কোম্পানির কাস্টমার সার্ভিস ম্যানেজার অনিকের দেওয়া বলে জানান।

পরে ওই রাতেই বাড্ডা থেকে অনিককে গ্রেপ্তার করা হয়। এরপর নুপুর ও অনিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করা হয়।

পরে এই মামলায় অনিক ও নুপুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। এখনও হাতিরঝিল থানা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, “শেফালী, বাবু, অনিক ও ইসা নামের একজন ভুয়া আইনজীবীকে নিয়ে ভয়ঙ্কর ব্ল্যাকমেইলিং চক্র গড়ে তুলেছিলেন পারভীন আক্তার নুপুর।

“তিনি ষাটোর্ধ্ব ধনাঢ্য ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করে নিজেকে কখনও সমাজকর্মী, কখনও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহে নিয়োজিত কর্মী, কখনও চাকরিপ্রার্থী বা সাংবাদিক পরিচয় দিয়ে ফোনালাপ শুরু করতেন। কিছু দিন কথোপকথনের পর সম্পর্ক তৈরি হলে ব্যক্তিগত স্পর্শকাতর বা গোপন কথা তার মোবাইল ফোনে রেকর্ড  করতেন। পরে শুরু করতেন ব্ল্যাকমেইলিং।”

এর পাশাপাশি মোবাইল কোম্পানির কাস্টমার সার্ভিস ম্যানেজার রুবেল মাহমুদ অনিককে দিয়ে ফাঁদে ফেলা ব্যক্তিদের মোবাইল সিম রেজিস্ট্রেশনে ব্যবহৃত তথ্য সংগ্রহ করে সেগুলো কাজে লাগিয়ে মামলার হুমকি দেওয়া হত। সিম নিবন্ধনে ব্যবহৃত যে কোনো ব্যক্তির তথ্য তাদের চাহিদা মতো চক্রটিকে সরবরাহ করতেন অনিক।

এগুলো দিয়ে কীভাবে টাকা হাতিয়ে নেওয়া হত জানতে চাইলে অতিরিক্ত উপ-কমিশনার ফারুক বলেন, “আলাপচারিতার রেকর্ড বা সিম রেজিস্ট্রেশনে ব্যবহৃত তথ্য সংগ্রহ করার পর টার্গেট ব্যক্তির স্ত্রী, সন্তান, পরিচিতজন ও অফিস কলিগদের কাছে পাঠিয়ে পারভীন আক্তার নুপুরের সঙ্গে তার প্রেম বা বৈবাহিক সম্পর্ক প্রমাণের হুমকি দিয়ে, সামাজিকভাবে অপদস্থ করার হুমকি দিয়ে চাঁদা আদায় করত। দেওয়া হত মামলার হুমকি। এই প্রক্রিয়ার যুক্ত থাকতেন নুপুরের বোন শেফালী ও তার বন্ধু বাবু।

“মামলার হুমকি পেয়ে অনেকেই মানসম্মানের ভয়ে দাবিকৃত টাকা দিয়ে দিতেন। তারপরও কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে অনিকের কাছ থেকে সংগ্রহ করা সেই ব্যক্তির সিমের নিবন্ধন সংক্রান্ত তথ্য কাজে লাগানো হত। আইনজীবী পরিচয়দানকারী ইসা নামে এক ব্যক্তিকে দিয়ে পূর্বনির্ধারিত ফরমেট অনুযায়ী অভিযোগ লিখিয়ে ধর্ষণ বা নারী নির্যাতন মামলা করার হুমকি দেওয়া হত। এভাবে নুপুরের ফাঁদে পড়ে অনেকে মাসওয়ারি টাকাও দিতেন।”

প্রায় চার থেকে পাঁচ বছর ধরে এভাবে প্রতারণা করে আসার কথা নুপুর স্বীকার করেছেন জানিয়ে পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, “সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনীতিক মিলিয়ে ২০ থেকে ২৫ জনকে ব্ল্যাকমেইল করার কথা স্বীকার করেছে নুপুর।”

ষাটোর্ধ্ব ব্যক্তিরাই প্রতারণার শিকার কেন জানতে চাইলে ফারুক বলেন, “নুপুর বলেছে ওই বয়সের লোকদের তাড়াতাড়ি তিনি আয়ত্ত্বে আনতে পারত। সে প্রতি ব্যক্তির কাছ থেকে দুই থেকে ২০ লাখ টাকা, এমনকি ৫০ লাখ টাকাও হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।”

সপ্তম শ্রেণির পরে আর লেখাপড়া হয়নি নুপুরের। তার বোন শেফালীর লেখাপড়া তৃতীয় শ্রেণি।

দুই বোনের কেউই স্বামীর সঙ্গে থাকেন না জানিয়ে পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, নিকেতনে মেয়েকে নিয়ে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন নুপুর। এই নারী তার স্বামী মারা গেছেন বললেও পুলিশ তদন্তে জানতে পারেন তার স্বামী বুলবুল মল্লিক জীবিত।

আর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটিতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন শেফালী। তার পরিচিত মতিঝিলের ট্রাভেল এজেন্সির কর্মী বাবুর খিঁলগাঁওয়ের তিলপাপাড়ায় ফ্ল্যাট ভাড়া নিলেও থাকতেন শেফালীর সঙ্গে।