২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলা: ছাত্র পরিষদের ২ নেতার জামিন নাকচ

ধর্ষণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা মামলার আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ২ নেতার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন বিচারক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 05:59 PM

Updated : 18 Aug 2022, 04:12 PM

এই দুই আসামি হলেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী তাদের আবেদনের শুনানি নিয়ে নাকচের আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আসামিদের অন্যতম আইনজীবী খাদেমুল ইসলাম।

এই মামলায় মূল আসামি ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুন এবং যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ।

ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর, সাইফুল ও নাজমুল হুদার বিরুদ্ধে মূল আসামিদের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

জামিনের আবেদনে আসামি পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম ও খাদেমুল ইসলাম বলেন, সাইফুল ও নাজমুল অভিযোগের ঘটনার পর মেসেঞ্জারে কুৎসা রটিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো ভিত্তি নেই। 

গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি করেন।

এরপর গত ১১ অক্টোবর রাজধানীর মগবাজার ও আজিমপুরে অভিযান চালিয়ে নাজমুল ও সাইফুলকে গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ। রিমান্ড শেষে দুজনকে পাঠানো হয় কারাগারে।

পুরনো খবর:

ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলায় নূরের দুই সহকর্মী কারাগারে