২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বেড়াতে এসে ছিনতাইকারীর ছুরিতে প্রাণ গেল কলেজছাত্রের

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিতে জিসান হাবিব (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 02:53 PM

Updated : 08 Apr 2022, 01:45 AM

উত্তরার আবদুল্লাহপুর এলাকায় বুধবার রাতের ওই ঘটনায় রুহুল আমিন (১৭) নামের আরেক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা।

তার নাম জিসান হাবিব (১৮) এবং হাবিবের সঙ্গে থাকা রুহুল আমিন (১৭) নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন।

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বিহেরগাঁও গ্রামের সৌদি প্রবাসী আবুল বাশারের ছেলে জিসান স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের ছিলেন। দুই ভাই, তিন বোনের মধ্যে তৃতীয় জিসান।

আর রুহুল আমিন ধামরাইয়ের ইসলামপুরে ইকরা মডেল হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তারা একে অপরের আত্মীয়।

ওসি তপন চন্দ্র বলেন, গত ৭ নভেম্বর নোয়াখালী থেকে ধামরাইয়ে ফুপুর বাড়িতে বেড়াতে আসেন জিসান।

“বুধবার রাতে ফুপু আসমা বেগমের সৌদি যাওয়ার ফ্লাইট ছিল। জিসান আর রুহুল আমিন তাকে বিমানবন্দর পৌঁছে দিয়ে ক্লাসিক পরিবহনের একটি বাসে করে নবীনগর ফিরছিল।

“বাসটি আবদুল্লাপুরে এসে থেমেছিল। সে সময় জানালার পাশে থাকা জিসানের হাত থেকে এক ছিনতাইকারী তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন বাস থেকে নেমে জিসান ও রুহুল ছিনতাইকারীকে ধরে ফেলে। এসময় ছিনতাইকারী জিসানকে ও রুহুলকে ছুরি মেরে পালিয়ে যায়।”

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।