২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে পাকিস্তানি গণহত্যার স্মরণে ভারত

আন্তর্জাতিক গণহত্যা দিবসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের গণহত্যার কথা স্মরণ করেছেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 02:31 PM

Updated : 08 Apr 2022, 01:45 AM

বুধবার এই দিবসে এক টুইটে তিনি বলেন, “আসুন ১৯৭১ সালে তৎকালীন পূর্বপাকিস্তানে মানব ইতিহাসের নৃশংসতম ঘটনায় পাকিস্তানি বাহিনী ও ধর্মীয় মিলিশিয়াদের হাতে নিহত ৩০ লাখ মানুষ এবং ধর্ষণের শিকার দুই লাখের বেশি নারীর প্রতি শ্রদ্ধা জানাই। এমন ঘটনা কখনো যেন না হয়।”

১৯৪৮ সালে জাতিসংঘের জেনোসাইড কনভেনশন গৃহীত হওয়ার দিন ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “১৯৭১ সালে আমাদের ওপর যে যন্ত্রণা ও পীড়ন আরোপ করা হয়েছিল, তা আমাদেরকে সর্বত্র গণহত্যা বন্ধের এবং এই জঘন্য কাজের শিকারদের জন্য বিচারের দাবি জানানোর বিষয়ে উদ্বুদ্ধ করেছে।”

তিনি বলেন, গণহত্যা যাতে আর কখনো না হয়, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আগের ঘটনাগুলোর মূল কারণ উদঘাটন, গণহত্যার প্রাথমিক সংকতে চিহ্নিত করা এবং বিচার নিশ্চিত করা প্রয়োজন।

বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।

২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান।

অবশ্য তার আগেই ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় বাঙালির অবিসংবাদিত এই নেতা বলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

কার্যত সেটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, যার পথ ধরে কালরাতের পর শুরু হয় বাঙালির প্রতিরোধ পর্ব।

নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মদান, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং জাতির অসাধারণ ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

পুরনো খবর:

একাত্তরের নৃশংসতা ভোলার নয়: প্রধানমন্ত্রী