স্কুল খুলে শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলতে পারি না: প্রধানমন্ত্রী
করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান আপাতত খুলছে না বলেই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্য সব প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দিতে সংসদে দাবি ওঠার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সংসদে একথা জানান তিনি।
বিশেষ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি তোলেন।
তিনি বলেন, “মার্চ থেকে স্কুল-কলেজ বন্ধ। অটো পাস চালু করা হয়েছে। অফিস-আদালত বন্ধ করা হচ্ছে না। শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার যৌক্তিকতা দেখি না।
“পরীক্ষা কার্যক্রম বন্ধ রেখে অটোপাস মেধাবীদের প্রতি অবিচার করা হচ্ছে। যারা ক্লাস করতে চান, তাদের জন্য খুলে দেওয়া উচিত। যারা পরীক্ষা দিতে চান তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিৎ।”
সমাপনী ভাষণে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর জবাবে ইউরোপ-আমেরিকায় স্কুল খুলে দেওয়ার পর তা বন্ধ করে দিতে বাধ্য হওয়ার উদাহরণ দেন।
তিনি বলেন, মাঝে দেশে সংক্রমণ কমে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনার প্রস্তুতি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনাও করেছিলেন।
“কিন্ত তারপরে দেখলাম যে আবার ইউরোপে দেখা দিল। এই যে ছেলে-পেলেগুলো স্কুলে যাবে, বাচ্চারা, শিক্ষকরা বা তার গার্ডিয়ানরা, তাদের সবার যেতে হবে। এটা একটা সংক্রামক ব্যাধি, এখনও এটার চিকিৎসাই বের হয়নি।”
“সেইখানে এই ঝুঁকিটা আমরা ছেলে-মেয়েদের জন্য কেন নেব?“ পাল্টা প্রশ্ন করেন তিনি।
আট মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সমস্যাটি উপলব্ধি করে প্রধানমন্ত্রী বলেন, “হ্যাঁ, এটা ঠিক যে স্কুলে না যেতে পেরে বাচ্চাদেরও কষ্ট হচ্ছে।
“কারণ আজকাল তো সবাই সুখী পরিবার বানাতে গিয়ে হয়ত একটা বাচ্চা, দুটো বাচ্চা ঘরে এককভাবে থাকে। আগে তো একান্নবর্তী পরিবার ছিল, সবাই এক সাথে থেকে হেসেখেলে চলত। এখন তো সেই সুযোগটা কম। যেজন্য বাচ্চাদের খুবই কষ্ট। এতে কোনো সন্দেহ নাই। তারপরও তাদের তো মৃত্যুর ঝুঁকিতে আমরা ঠেলে দিতে পারি না।”
বিনা পরীক্ষায় পাসের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের কিন্তু আগে সেমিস্টার সিস্টেম ছিল না, আমি প্রথমবার সরকারে এসে সেমিস্টার সিস্টেম চালু করি।
“কাজেই সেখানে সারা বছর তারা যেই পরীক্ষা দিয়েছে, তারই ভিত্তিতে একটা রেজাল্ট দেওয়া। এটা কিন্তু ইংল্যান্ডেও দিয়েছে। এটা পৃথিবীর অনেক দেশেই দিয়েছে। এতে খুব বেশি একটা ক্ষতি হয় তা না।”
জি এম কাদের শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফিতে ছাড় দেওয়ার পদক্ষেপ নেওয়ার দাবিও জানান।
এবতেদায়ি মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, “এবতেদায়ি মাদ্রাসাগুলো শুধু মাসিক সামান্য অর্থ দেওয়া হয়। সাধারণ প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করা হয়েছে। এবতেদায়ী মাদ্রাসাকেও জাতীয়করণের আওতায় না হলেও এমপিওভুক্ত করা উচিত।”
‘আমরা এখন থেকে সচেতন’
শীতে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের সতর্কতার প্রেক্ষাপটে পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “এখন আবার দ্বিতীয় ওয়েভ অর্থাৎ আবার ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জায়গায়। সে ধাক্কাটা আমাদের দেশেও আসতে শুরু করেছে।
“আমরা এখন থেকে সচেতন। হয়ত গতবার হঠাৎ করে আসাতে অনেক কাজ আমরা করতে পারিনি। কিন্তু এবার আমরা আরও বেশি প্রস্তুতি নিয়েছি।”
জিএম কাদের বলেন, “সামনে শীত আসছে। সারা পৃথিবীতে প্রকোপ বাড়ছে। দেশেও বাড়ছে। সরকারের তরফ থেকে প্রস্তুত।
“সরকারি হাসপাতালে চিকিৎসা নেই বললেই চলে। মফস্বলে বিশেষ করে ব্যবস্থা নেই। এখনই সরকারি হাসপাতালে সুযোগ সৃষ্টি না করলে শীতে প্রাণহানি বেড়ে যাবে।”
টিকার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “যেই ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে বা যেটা নিয়ে এখনও রিসার্চ চলছে, আমরা আগাম বুকিং দিয়েছি, যাতে সেটা চালু হওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষের জন্য আমরা আনতে পারি। সেই ব্যাপারেও আমরা ব্যবস্থা নিচ্ছি। সেই দিক থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।”
‘তিনি লোভ কেন করবেন’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন ত্যাগের কথা স্মরণ করার পাশাপাশি তাকে নিয়ে নানা অপপ্রচারের কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, “তার পর থেকে (১৯৭৫ সালের ১৫ অগাস্টের পর) একটা অপবাদ দেওয়া হল যে তিনি একদলীয় শাসন ব্যবস্থা করতে চেয়েছিলেন, রাজতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন, ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন।
“যে মানুষটা তার জীবনের সবটুকু বিসর্জন দিয়েছিলেন একটি জাতির জন্য, যে মানুষটা তার জীবনের কোনো আরাম-আয়েশের দিকে তাকাননি, বারবার নিজের জীবনকে ঝূঁকিতে ফেলেছেন একটা জনগোষ্ঠীর জন্য, তাদের একটা স্বতন্ত্র পরিচয় দেওয়ার জন্য, একটা রাষ্ট্র দেওয়ার জন্য, তিনি কেন এই ক্ষমতার লোভ করবেন? তার ক্ষমতার লোভ থাকলে তো তিনি অনেকবারই ক্ষমতায় যেতে পারতেন।”
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের সুখ, স্বচ্ছন্দ দেখেননি বা তার সন্তানদের আরাম আয়েশের কথাও চিন্তা করেননি।”
শেখ হাসিনা বলেন, জাতির পিতা শুধু একটি দেশ স্বাধীন করেই দিয়ে যাননি, তার একটা স্বপ্নও ছিল।
১৯৭২ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতির পিতার দেওয়া ভাষণ উদ্ধৃত করে তিনি বলেন, “সেই ভাষণে তিনি বলেছিলেন, ‘আমি আপনাদের নিশ্চিত আশ্বাস দিচ্ছি শহীদের রক্ত বৃথা যেন না যায়, শ্মশান বাংলাকে আমরা সোনার বাংলায় গড়ে তুলতে চাই। যে বাংলায় আগামী দিনের মায়েরা হাসবে, শিশুরা খেলবে। আমরা শোষণমুক্ত সমাজ গড়ে তুলব।”
বাকশাল গঠনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে শেখ হাসিনা বলেন, “তার কথা ছিল সেই ব্রিটিশ আমলের সৃষ্টি করা যে পদ্ধতি বা পাকিস্তানি ঔপনিবেশিক শক্তির পদ্ধতি, সেটা দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না। তাই তিনি ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে ক্ষমতা জনগণের হাতে পৌঁছে দিতে চেয়েছিলেন এবং খুব দ্রুততার সাথে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার স্বপ্ন দেখেছিলেন।
“সেই কারণে জাতির পিতা দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এবং একটা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে বা রাষ্ট্র পরিচালনায় যারা সম্পৃক্ত, আমাদের প্রতিরক্ষা থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বকাজে যারা সম্পৃক্ত সকলকে নিয়ে এবং সব দলকে নিয়ে তিনি একটা ঐক্য সৃষ্টি করেছিলেন, জাতীয় ঐক্য। সেই জাতীয় ঐক্যের লক্ষ্য ছিল উৎপাদন বৃদ্ধি করা, দেশকে সমৃদ্ধশালী করা, দেশকে উন্নত করা দ্রুততার সাথে।”
