পুরান ঢাকায় জুতা কারখানায় আগুন
পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার পর আধা ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
বৈদ্যুতিক গোলযোগ এই আগুন লেগেছিল বলে ধারণা করা হচ্ছে।
নাজিরা বাজারের পূর্ব অংশে আলু বাজার ছোট মসজিদের পাশে একটি ১০তলা ভবনের দোতলায় ওই কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। এই কারখানার কোনো নাম নেই, তবে মালিকের নাম ওবায়দুল হক।”
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তবে আনুমানিক এক লাখ টাকার সম্পদ পুড়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
