২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. মামুনকে গ্রেপ্তারের প্রতিবাদে সেবা বন্ধের কর্মসূচি মনোরোগ চিকিৎসকদের

পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যামামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তারের প্রতিবাদে নিজেদের চেম্বারে দুই দিন রোগী না দেখার ঘোষণা দিয়েছেন মনোরোগ চিকিৎসকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2020, 12:50 AM

Updated : 18 Aug 2022, 04:06 PM

বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) বলেছে, বুধ ও বৃহস্পতিবার দেশের সব মানসিক রোগ বিশেষজ্ঞ প্রাইভেট চেম্বারে রোগী দেখা বন্ধ রাখবে।

দেশের চিকিৎসদেকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনও (বিএমএ) ডা. মামুনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে।

গত ‍বৃহস্পতিবার আদাবরের মাইন্ড এইড হাসপাতালে মানসিক চিকিৎসার জন্য গেলে এএসপি আনিসুলকে করিমকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

সেই হত্যামামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে মঙ্গলবার গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।

পুলিশ বলছে, আনিসুল প্রথমে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে গিয়েছিলেন, সেখান থেকে ডা. মামুনই তাকে বেসরকারি মাইন্ড এইড হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

বিএপি চিকিৎসার নামে পুলিশ কর্মকর্তা আনিসুলকে পিটিয়ে মারার নিন্দা করে বলেছে, এতে ডা. মামুনের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। তাই তারা তার মুক্তি দাবি করছে।

বিএপির সভাপতি অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এএসপি আনিসুল করিমের নিকটাত্মীয়রাই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসার বদলে বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন। সেসময় ডা. আব্দুল্লাহ আল-মামুন সেখানে উপস্থিত ছিলেন না।

“মানসিকভাবে অসুস্থ এএসপি আনিসুল করিমের বোন ও ভগ্নিপতি নিজেরাও চিকিৎসক। তারা সরকারি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিবর্তে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করাতে চান। ঘটনার সময় অনুপস্থিত একজন চিকিৎসক কী করে হত্যা মামলার আসামি হতে পারে?”

কর্তৃপক্ষের বিনা অনুমতিতে, বিভাগীয় তদন্ত ব্যতিরেকে একজন সরকারি চিকিৎসককে গ্রেপ্তার ও পরবর্তী ঘটনাগুলো চিকিৎসকদের প্রতি চরম অবমাননাকর, বলা হয় বিবৃতিতে।

আনিসুল হত্যা: মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার গ্রেপ্তার

পরিচালককে অবরুদ্ধ করে মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে বিক্ষোভ  

Image
সহকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকরা বুধবার বিক্ষোভ করে।

সহকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকরা বুধবার বিক্ষোভ করে।

ডা. মামুনকে গ্রেপ্তারের নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী এক বিবৃতিতে বলেন, ৯ নভেম্বর সকাল ৭টায় আনিসুল করিম মানসিকভাবে উত্তেজিত অবস্থায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এ সময় তার পরিবারের সদস্য ও পুলিশ সহকর্মীরাও ছিলেন।

“জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে চিকিৎসা দেওয়ার পর অবজারভেশনে রাখেন। পরবর্তীতে আবাসিক সাইক্রিয়াটিক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু রোগীর আত্মীয়-স্বজন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল ভর্তি না করে নিজ দায়িত্বে রোগীকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। পরবর্তীতে রোগীর স্বজনেরা আনিসুল করিমকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান এবং সেখানে ভর্তির পর তার মৃত্যু হয়।”

যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিএমএ মহাসচিব বলেন, আনিসুল করিমের মৃত্যু জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে হয়নি। এই প্রতিষ্ঠানের কোনো চিকিৎসকেরও এতে কোনো সংশ্লিষ্টতাও নেই। এমনকি যে প্রাইভেট হাসপাতালে রোগীকে ভর্তি করা হয়েছিল সেখানে ডা. আব্দুল্লাহ আল মামুন ওই রোগীকে দেখেননি।

“এই ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া সম্পূর্ণ কল্পনাপ্রসূত, অযৌক্তিক, অন্যায় ও হয়রানিমূলক।”

তিনি বলেন, “যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একজন সরকারি চিকিৎসা কর্মকর্তাকে এভাবে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া দেশের চিকিৎসক সমাজকে সংক্ষুব্ধ করেছে।”

“মহামান্য আদালতের নির্দেশনা ব্যতিরেকে সম্পূর্ণ কাল্পনিক অভিযোগের ভিত্তিতে একজন সরকারি চিকিৎসক কর্মকর্তাকে এভাবে গ্রেপ্তার অব্যাহত থাকলে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হতে পারে,” বলেন তিনি।