২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া ব্যাংক গ্যারান্টি, তিনজনের বিরুদ্ধে মামলা

তিস্তায় সেতু নির্মাণে ৪৫ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জালিয়াতির অভিযোগে ইনফ্রাটেক কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার রতনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2020, 01:52 PM

Updated : 08 Apr 2022, 01:39 AM

মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থার উপ-সহকারী পরিচালক শাহজাহান মিরাজ মামলাটি করেন বলে কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

আলী হায়দার রতনের সঙ্গে মামলায় পিটিএসএল মৈত্রী লিমিটেডের এমডি মাহাবুবুর রহমান এবং এলজিইডির সাবেক প্রকল্প পরিচালক খন্দকার মাহবুব হোসেনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে প্রায় দেড় কিলোমিটারের একটি সেতু নির্মাণের জন্য ২০১৭-১৮ অর্থবছরে দরপত্র আহ্বান করে এলজিইডি।

এতে ইনফ্রাটেক কনস্ট্রাকশন ও পিটিএসএল মৈত্রী লিমিটেড সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায়। তারা সাড়ে ছয় কোটি টাকার ভুয়া টেন্ডার সিকিউরিটি ও ৩৯ কোটি টাকার ভুয়া পারফর্মেন্স সিকিউরিটি জমা দেয়।

মামলায় আরও বলা হয়, ইউনিয়ন ব্যাংকের পান্থপথ শাখার নামে এসব ভুয়া সিকিউরিটি করা হয়। পরে যাচাইয়ে তাদের সেসব নথি জাল বলে ধরা পড়লে বাতিল করা হয়েছে কার্যাদেশ।