২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌপথ সচল ছিল বলেই লকডাউনে পণ্যের অভাব হয়নি: প্রতিমন্ত্রী

অভ্যন্তরীণ যোগাযোগ ও পণ্য পরিবহনে নৌপথের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, লকডাউনের সময় যেখানে সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল তখন নৌপথ সচল থাকার কারণেই বাজারে পণ্যের অভাব দেখা দেয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2020, 06:50 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

নৌ ও রেল যোগাযোগ দেশ ও জনগণের জন্য কল্যাণকর হলেও পঁচাত্তর পরবর্তী সরকারগুলো ‘গাড়ির ব্যবসা করার’ জন্য শুধু সড়ক উন্নয়নে নজর দিয়েছে বলে মনে করেন তিনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে এসব বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “আমাদের নানা ধরনের সঙ্কট আছে। মাঝখানে শুধু রক্তপাত, লুটতরাজ, দখলদারিত্ব এবং রাজনীতির অসুস্থ ধারা। এই অসুস্থ ধারার কারণে আমাদের নদী ও নৌপথ সব কিছুই থেমে গেছে। গতি হারিয়ে গেছে।

“আমাদের রেল বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের নৌপথ বন্ধ করে দেওয়া হয়েছে। সড়ক যোগাযোগে বেশি দৃষ্টি দেওয়া হয়েছে। কারণ এতে ব্যবসা বেশি। গাড়ি কেনাবেচা করা যায়।”

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে টানা প্রায় দুই মাসের মতো লকডাউনের সময় অভ্যন্তরীণ নৌপরিবহনের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “আমাদের অভ্যন্তরীণ নৌপরিবহন এক দিনের জন্যও বন্ধ ছিল না। নদীপথে, সমুদ্রপথে পণ্যের সরবরাহ সব সময় গতিশীল ছিল। নৌপথ সচল ছিল বলেই বাংলাদেশে কোভিড-১৯ এর মধ্যে বাজারে কোনো পণ্যের দুষ্প্রাপ্যতা তৈরি হয়নি।”

নৌপথের গুরুত্ব অনুধাবন করে আওয়ামী লীগ সরকার সেভাবেই কর্মপন্থা নির্ধারণ করছে বলে জানান প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) চান বাংলাদেশের হারিয়ে যাওয়া নৌপথগুলো পুনরুদ্ধার হোক। একনেক সভায় তিনি বলেছেন, নদীগুলোর গতিপথ ফিরিয়ে আনতে হবে। এর জন্য আরও বেশি বেশি প্রকল্প গ্রহণ করতে হবে। এ ব্যাপারে একনেক সভায় তিনি নির্দেশনা দিয়েছেন যেন নদীভিত্তিক প্রকল্প বেশি বেশি নেওয়া হয়।”

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও নৌপথ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তুলে ধরে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আজকে যে ১০ হাজার কিলোমিটার নৌপথের কথা বলা হচ্ছে, সেটি নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল। এ ধরনের নির্বাচনী ইশতেহার কখনও কোনো রাজনৈতিক দল দেয়নি। বাংলাদেশের নৌপথকে আমাদের সচল রাখতে হবে। বিশেষ করে পণ্য পরিবহনের জন্য।”

তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতেও নৌপথের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “আমরা যে উন্নত দেশের কথা বলছি, সেই উন্নত দেশে পৌঁছাতে হলে আমাদের ব-দ্বীপকে রক্ষা করতে হবে। এই ব-দ্বীপকে রক্ষা করতে হলে নদী ব্যবস্থাপনা আমাদের রাখতে হবে। নদী ব্যবস্থাপনাটা যদি সঠিকভাবে করতে না পারি তাহলে বাংলাদেশটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিব। তবে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

নদীর নাব্য রক্ষা ও নৌপথ সচল রাখতে খননের (ক্যাপিটাল ড্রেজিং) পাশাপাশি সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের (মেইনটেন্যান্স ড্রেজিং) গুরুত্ব নিয়েও আলোচনা হয় অনুষ্ঠানে।

আয়োজকদের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, নদীর সমস্যা চিহ্নিত করে সে অনুযায়ী খনন এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে নদীর গতিপ্রকৃতি ঠিক রাখতে পারলে নদীকেন্দ্রিক পর্যটন বিস্তৃত হওয়ার সুযোগ রয়েছে।

তার জন্য নদী ও নৌপথ পুনরুদ্ধার, নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও পর্যটন শিল্প বিকাশে নেওয়া পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

নদী খননের ক্ষেত্রে ড্রেজার সঙ্কটের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আরও বেশি ড্রেজার আমাদের সংগ্রহ করতে হবে। আমাদের কাটার ড্রেজার আছে। যেসব ড্রেজার নাই সেগুলো সংগ্রহ করতে হবে। শুধু ক্যাপিটাল ড্রেজিং করলেই হবে না, মেইনটেন্যান্স ড্রেজিংও করতে হবে। অর্থাৎ ড্রেজিংটা সার্বক্ষণিক আমাদের চালু রাখতে হবে।”

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, “কর্ণফুলী নদী এবং ঢাকার চারপাশের নদী ও নৌপথ নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি হয়ে গেছে। এখন তা বাস্তবায়নের জন্য কাজ করছি। এই মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্যই হল দখল রোধ, দূষণ প্রতিরোধ এবং নাব্য রক্ষা করে নৌপথকে সচল রাখা। চারটি মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করছে। নেতৃত্ব দিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।”

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় মিলে ৪৯১টি নদী চিহ্নিত করেছে জানিয়ে তিনি বলেন, “এর মধ্যে ৩১৩টি নদী নিয়ে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে ১৭৮টি নিয়ে কাজ করার। নদী ও নৌপথ রক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি বলেন, “২০৩০ সালের মধ্যে এই নদীগুলোতে প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। একটা নদীর সব জায়গায় সমস্যা থাকে না। কোন কোন অঞ্চলে সমস্যা সেটি চিহ্নিত করে রক্ষণাবেক্ষণের মাধ্যমে নদীর গতিপ্রকৃতি অব্যাহত রাখতে পারব। নদীর গতিপথ বজায় রাখতে পারলে, নদীর পাড় সংরক্ষণ করা গেলে স্বাভাবিকভাবেই পর্যটনও গতি পাবে।”

অনুষ্ঠানে নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক মো. লুৎফর রহমান বলেন, “বাংলাদেশে কয়টা নদী জীবিত, কয়টা নদী মৃত, নদী ও নৌপথ পুনরুদ্ধারের জন্য আমাদের করণীয় কী তা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে।

“বর্ষার সময় পানির সাথে পলিও আসে। বর্ষা মৌসুম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ভারত ৫৭টি নদীর উৎসমুখ বন্ধ করে দেয়। ফলে নদীর বিভিন্ন জায়গায় পলি জমা হয়ে থাকে। এভাবে প্রতি বছর পলি জমে জমে নদীগুলো মরে যাচ্ছে।”

তিনি বলেন, মৃতপ্রায় নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনতে হলে নদীগুলোর সমস্যা চিহ্নিত করতে হবে। কেবল খনন করলেই চলবে না, খননের পর নিয়মিত রক্ষণাবেক্ষণও করতে হবে। 

“এখন যে নদীগুলো খনন করা হচ্ছে এক বছর দুই বছর পর এই নদীগুলো আবার ভরাট হয়ে যাবে। তাই সেই খননটার স্থায়িত্ব টিকিয়ে রাখতে হলে মেইনটেন্যান্স ড্রেজিং করতে হবে নিয়মিত।”

আয়োজক সংগঠনের সভাপতি আশীষ কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্টের বিশেষ প্রতিনিধি আনিসুর রহমান খান।