ঢাকায় ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু
ঢাকার বনানীতে ট্রেনে কাটা পড়ে বয়স্ক এক দম্পতির মৃত্যু হয়েছে, যারা সবুজবাগে ছেলের বাসায় থাকতেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বনানী সৈনিক ক্লাব এলাকায় কমলাপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেসের নিচে তাদের মৃত্যু হয় বলে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. মহিউদ্দিন জানান।
নিহতরা হলেন- অজিত চৌধুরী (৬০) ও তার স্ত্রী মনিষা চৌধুরী (৫০)। তাদের ছেলে অংকুর চৌধুরী রাতে মর্গে গিয়ে দুজনের লাশ শনাক্ত করেন।
এএসআই মহিউদ্দিন বলেন, ওই দম্পতির গ্রামের বাড়ি চট্টগ্রামের সদরঘাট এলাকার দক্ষিণ নালাপাড়ায়। ঢাকায় তারা সবুজবাগের মায়াকাননে ছেলের সঙ্গে থাকতেন।
ছেলে অংকুর পুলিশকে বলেছেন, তার বাবা-মা বৃহস্পতিবার বিকালে ঘুরতে বেরিয়েছিলেন। আর প্রত্যক্ষদর্শীরা পুলিশকে বলেছে, ওই দম্পতিকে তারা রেললাইনে বসে থাকতে দেখেছেন ট্রেন আসার আগে।
কেন কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। ছেলের আবেদনে ওই দম্পতির মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসআই মহিউদ্দিন।
