২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইডব্লিউটিএ কর্মকর্তা ছাইদুরের সম্পদের হিসাব চায় দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বিআইডব্লিউটিএ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) ছাইদুর রহমান ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 08:09 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে সম্পদের হিসাব চেয়ে তাদের আলাদা নোটিস পাঠানো হয়েছে বলে কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছে।

কুড়িগ্রামে ছাইদুর রহমান ও তার স্ত্রী শামীমা আক্তারের স্থায়ী ঠিকানায় এবং রাজধানীর সিদ্ধেশ্বরীতে তাদের বাসার ঠিকানায় ওই নোটিস পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়, তারা ‘নামে-বেনামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের’ মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

নোটিসে তাদের নিজেদের এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং অর্জনের বিস্তারিত বিবরণী এই নোটিস পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সেখানে সতর্ক করা হয়েছে।

এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন) মোহাম্মদ শহীদুল ইসলামকেও সম্পদের বিবরণী জমা দিতে নোটিস দিয়েছে দুদক।

২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দুদকের প্রধান কার্যালয়ে জমা দিতে গোপালগঞ্জ ও রাজধানীর রামপুরায় তার দুই ঠিকানায় নোটিস পাঠানো হয়েছে।