২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়া মাদ্রাসার পাশের মাঠ উন্মুক্ত করতে বললেন তাপস

পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ উন্নয়ন করে তা স্থানীয় বাসিন্দাদের জন্য উন্মুক্ত করার কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2020, 10:18 PM

Updated : 18 Aug 2022, 03:56 PM

বুধবার পুরোনো কেন্দ্রীয় কারাগার, আলিয়া মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠ এবং কেন্দ্রীয় কারাগার ঘিরে নেওয়া প্রকল্প পরিদর্শন করেন তিনি।

তাপস বলেন, কারা কর্তৃপক্ষের নেওয়া প্রকল্পে কিছু পরিবর্তন আনা উচিত।

“মাননীয় প্রধানমন্ত্রী চান, এখানে নান্দনিক পরিবেশ বিরাজ করুক, উন্মুক্ত খেলার মাঠ থাকুক। এই মাঠকে উন্মুক্ত খেলার মাঠ হিসেবে খুলে দেওয়ার জনদাবি রয়েছে। আমিও জনগণের সেই দাবির সাথে সহমত পোষণ করছি।”

তিনি বলেন, কারা কর্তৃপক্ষ চাইলে ডিএসসিসি এই মাঠের উন্নয়নে সহায়তা করবে।

“উনারা (কারা কর্তৃপক্ষ) করতে পারেন অথবা আমরা দক্ষিণ সিটি করপোরেশনও মাঠের উন্নয়নকাজ করতে পারি। মূল বিষয় হলো, এই এলাকার জনগণ যাতে এই মাঠের সুবিধা নিতে পারে তা নিশ্চিত করতে হবে।”

শেখ ফজলে নূর তাপস বলেন, পুরাতন কেন্দ্রীয় কারাগার ঘিরে গৃহীত প্রকল্পটি এমনভাবে বাস্তবায়ন করা হবে যেন, নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে।

“তারা যেন উপলব্ধি করতে পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার কত ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। জেলখানা ঘিরে থাকা ইতিহাস-ঐতিহ্যও সংরক্ষণ করা হবে।”

পরে ৩৫ নম্বর ওয়ার্ডের চিত্রামহল পার্কের চলমান উন্নয়নকাজ, ধোলাইখাল, ডিআইটি মার্কেট, পানির ট্যাংক ও সিটি করপোরেশন মার্কেট পরিদর্শন করেন।

এ সময় ঢাকা-৭ আসনের সাংসদ মোহাম্মদ সেলিম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো.বদরুল আমিন,প্রধান প্রকৌশলী রেজাউর রহমান,কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর, ডিএসসিসির সচিব আকরামুজ্জামান,প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন,প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক মেয়রের সঙ্গে ছিলেন।