চিকিৎসক সেজে জামাই-শ্বশুরের প্রতারণা
শ্বশুরের পড়াশোনা তৃতীয় শ্রেণি পর্যন্ত, আর জামাইয়ের দশম শ্রেণি; শিক্ষাগত এই যোগ্যতা নিয়েই তারা খোদ রাজধানীতে দন্ত চিকিৎসালয় খুলে মানুষকে প্রতারিত করে যাচ্ছিলেন।
সোমবার ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় ‘পঞ্চগড় ডেন্টাল কেয়ারে’ র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের প্রতারণা ধরা পড়ে।
র্যাবের নির্বাহী হাকিম পলাশ কুমার বসু শ্বশুর নূর হোসেনকে দুই বছর এবং জামাতা জাহিদুল ইসলামকে এক বছর কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছেন।
পলাশ কুমার বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা দুজন নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে নানা ধরনের চিকিৎসা দিতেন, এমনকি দাঁতের অস্ত্রোপচার পর্যন্ত করতেন।
নুর হোসেন বিভিন্ন চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেছিলেন। তার উপর ভর করেই তিনি ‘পঞ্চগড় ডেন্টাল কেয়ার’ খোলেন বলে র্যাব জানায়।
পলাশ বসু বলেন, “নুর হোসেন ইংরেজিতে ওষুধের নাম লিখতে ও বলতে পারতেন না। জাহিদুল ইসলাম লিখে দিতেন, আর নুর হোসেন তাতে স্বাক্ষর করতেন।”
‘পঞ্চগড় ডেন্টাল কেয়ারে’ কিছুদিন রোগী দেখছিলেন এক চিকিৎসক। তার নামে প্যাড করেই নুর হোসেন নিজেকে ওই চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসাপত্রে সই করতেন।
ওই ক্লিনিকে গিয়ে ভুক্তভোগী কয়েকজনের অভিযোগের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালিয়ে দেখে, তারা চিকিৎসক নন এবং কোনো ধরনের প্রশিক্ষণও নেননি।
“এ দুজন যে জামাই-শ্বশুর, তা রোগীরা জানতেন না। এমনকি অভিযানের সময়ও বোঝা যায়নি। পরে তাদের জিজ্ঞাসাবাদে সম্পর্কের বিষয়টি বের হয়ে আসে,” বলেন র্যাবের হাকিম পলাশ।
সাজা দেওয়ার পাশাপাশি নূর হোসেনের ওই প্রতিষ্ঠানটি সিলগালাও করে দিয়েছে র্যাব।
