দুই মামলায় রাশেদ চিশতীর জামিন
ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) অর্থ পাচারের দুই মামলায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক চিশতীর জামিন হয়েছে।
ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ সোমবার জামিনের এ আদেশ দেন।
আসামি রাশেদ চিশতির পক্ষে তার আইনজীবী শাহীনুল ইসলাম অনি জামিন আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২০ হাজার টাকার মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেন।
শাহীনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরাই আমাদের একাউন্টে টাকা জমা দিয়েছি। আমরা কোনো গ্রাহকের টাকা জমা দিইনি। বকশীগঞ্জ জুট স্পিনার্স এর একাউন্টে যে গ্রহীতারা ঠাকা পাঠিয়েছে বলে দুদক বলছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।”
এর বিরোধিতা করে দুদকের আইনজীবী বলেন, “এটা ঠিক তথ্য নয়। ঘুষ দিয়ে আসামিরা ঋণ মঞ্জুর করিয়েছে।”
চলতি বছরের ২১ জুলাই ৪০ কোটি ৭৯ লাখ টাকা ও ২৭ জুলাই ১ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে দুদকের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি করেন।
অনিয়ম, জাল-জালিয়াতি ও মুদ্রা পাচারের মামলায় ২০১৮ সালের ১০ এপ্রিল থেকে রাশেদ চিশতী কারাগারে আছেন।
