২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতে নির্যাতন: বিমানবন্দর থানার ওসির বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আসামিকে হেফাজতে নিয়ে স্বীকারোক্তি আদায়ে নির্যাতনের অভিযোগে ঢাকার বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী ও এসআই মাহবুব হোসাইনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2020, 08:27 PM

Updated : 08 Apr 2022, 01:28 AM

প্রতারণার মামলায় গ্রেপ্তার শামীম হোসাইন নামে এক ব্যক্তির স্ত্রী সালেহা সুলতানা সোমা বুধবার দুপুরে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলার এই আবেদন ঢাকা মহানগর দায়রা জজ  আদালতে দাখিল করেছিলেন।

ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ওই আবেদন খারিজ করেছেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস পাল জানিয়েছেন।

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারী গ্রামের সোমা থাকেন ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরে।

মামলার আরজিতে বলা হয়, বাদীর স্বামী শামীম হোসাইন এবং আসাদ নামে আরেকজনকে গত বছরের ডিসেম্বরে বিমানবন্দর থানার এক প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়। পরে হেফাজতেও নেওয়া হয়।

শামীম ও আসাদকে হেফাজতে নেওয়ার পর স্বীকারোক্তি আদায়ের জন্য ওসি ফরমান আলী ও এসআই মাহবুবের নির্দেশে নির্যাতন করে আহত করা হয় বলে সোমার অভিযোগ।

এর মধ্যে আসাদ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শামীম এখন আছেন কারাগারে। বিচারক আবেদনটি নিলেও পরে আদেশ দেবেন বলে জানিয়েছিলেন। পরে তা খারিজ করে দেন।