২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যরাতে ‘শেকল ভাঙার পদযাত্রা’

‘এই মেয়ে, এত রাতে বাইরে কী?’, ‘রাত কয়টা বাজে খেয়াল আছে?’, ‘এত রাতে বাইরে যেতে চাইছ, সাথে কোনো পুরুষ আছে তো?’- সমাজে এমন বেড়াজালের মধ্যে মধ্যরাতে রাজধানীর পথে মশাল হাতে পদযাত্রায় নামল একদল নারী শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2020, 02:19 AM

Updated : 10 Oct 2022, 07:28 PM

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যে মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগ থেকে ‘শেকল ভাঙার পদযাত্রা’ ব্যানারে এই কর্মসূচি শুরু করেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীসহ একদল নারী। বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া এভিনিউতে গিয়ে কর্মসূচি শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

পদযাত্রার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, “একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে নারীদের স্বাধীনভাবে চলাফেরা করার যে অধিকার, তার কার্যকর প্রয়োগ না করার প্রতিবাদে এবং নাগরিক হিসেবে নারীদের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করতে না পারার প্রতিবাদে ১২টি দাবি নিয়ে আমাদের এ পদযাত্রা।

“দেশের ঘুমন্ত বিচার ব্যবস্থাকে জাগাতে আমাদের এই পদযাত্রা। শেকল ভেঙে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের এই পদযাত্রা। রাতের আঁধারে আমরা হাঁটব, গলা উঁচিয়ে প্রতিবাদ করব, রাতের অন্ধকার ভেদ করে সবাইকে জানিয়ে দেব আমাদের দাবির কথা।”

তাদের ১২টি দাবির মধ্যে রয়েছে-

>> আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনে ও সামাজিকভাবে ধর্ষণের সংজ্ঞায়ন সংস্কার করতে হবে।

>> পাহাড় ও সমতলের সব নারীর উপর সামরিক ও বেসামরিক সব প্রকার যৌন এবং সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে।

>> জাতি-ধর্ম-বর্ণ-বয়স-লৈঙ্গিক পরিচয় নির্বিশেষে যৌন সহিংসতার ক্ষেত্রে যেকোনোভাবেই 'ভিক্টিম ব্লেমিং' (দোষারোপ করা বা নিন্দা জানানো) বন্ধ করতে হবে। গ্রামীণ সালিশ/পঞ্চায়েতের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।

>> প্রাথমিক থেকেই পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা (গুড টাচ ব্যাড টাচের শিক্ষা, সম্মতি বা কন্সেন্ট এর গুরুত্ব, প্রাইভেট পার্টস সম্পর্কে অবহিত করা) যুক্ত করতে হবে।

>> ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১৫৫(৪) ধারা বিলোপ করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে।

>> হাই কোর্টের নির্দেশানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠানে নারী নির্যাতনবিরোধী সেল কার্যকর ও পূর্ণ বাস্তবায়ন করতে হবে।

>> সিডও সনদে বাংলাদেশকে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন ও প্রথা বিলোপ করতে হবে।

>> মাদ্রাসার শিশুসহ সব শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং কোন শিশু যৌন নির্যাতনের শিকার হলে ৯০ দিনের মাঝে দ্রুততম ট্রাইব্যুনালে অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করা।

>> জাতীয় শিক্ষাক্রম অনুমোদিত পাঠ্যপুস্তকে নারী অবমাননাকর বার্তা প্রকাশ ও প্রচার করা নিষিদ্ধ করতে হবে।

>> রাস্তাঘাটে নারীদের অযথা পুলিশি ও অন্যান্য হয়রানি বন্ধ করতে হবে। গণপরিবহনে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

>> ধর্মীয় বক্তব্যের নামে অনলাইনে ও অফলাইনে নারী অবমাননাকর বক্তব্য প্রচার বন্ধ করতে হবে।

>> যৌন সহিংসতা প্রতিরোধে প্রান্তিক অঞ্চলের নারীদের সুবিধার্থে হটলাইনের ব্যবস্থা চালু করতে হবে।

পদযাত্রায় অংশ নেওয়া ফারিহা জান্নাত মিম নামে এক শিক্ষার্থী বলেন, “ধর্ষণ, নির্যাতন, যৌন হয়রানি এবং নিপীড়ন যখন দেশের প্রতিটি জেলায় নিত্যদিন ঘটে চলেছে, তখনও রাষ্ট্র অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে ব্যর্থ।

“এতে স্পষ্ট যে, স্বাধীনতার এত বছর পরেও নাগরিক অধিকার, নিরাপত্তা, বিচার নিশ্চিত না করা এবং এ ধরনের অযাচিত আইন রেখে পুরুষতান্ত্রিকতায় সকল ন্যায়বিচারকে মাটি চাপা দেওয়াই এ সমাজব্যবস্থার প্রয়াস। তাই যারা শুধু লৈঙ্গিক পরিচয় নারী হওয়ার কারণে প্রতিনিয়ত বিভিন্ন বৈষম্য, অত্যাচার এবং যৌন সহিংসতার শিকার হয়ে আসছেন, তাদের মুক্তির জন্য আমাদের এই পদযাত্রা।”